ভারতের মোহালিতে একটি সাধারণ পার্সেল ডেলিভারির ঘটনা অপ্রত্যাশিতভাবে অনন্য নজির হয়ে উঠল। এক চিকিৎসকের বাড়িতে খাবার পৌঁছে দিতে গিয়ে রান্নাঘরে আগুন লাগার পর তাকে সাহায্য করতে এগিয়ে আসেন ডেলিভারি কর্মী।
এ ঘটনার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ডা. শিভাঙ্গি জোশি। পাশাপাশি তিনি আবেগঘন ভাষায় বর্ণনা করেছেন, আগুন নেভাতে হিমশিম খাওয়ার সময় কীভাবে ওই ডেলিভারি কর্মী তার সহায়তায় এগিয়ে এসেছিলেন। বেশ কিছু ভারতীয় গণমাধ্যেমের প্রতিবেদন অনুযায়ী, ডা. জোশি যখন তার পার্সেল নিচ্ছিলেন, ঠিক তখনই রান্নাঘরের চুলায় থাকা একটি পাত্রে আগুন ধরে যায়। সেই মুহূর্তে বাড়িতে উপস্থিত থাকা ডেলিভারি কর্মী দ্রুত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন।
তিনি আগুন নিয়ন্ত্রণে সাহায্য করেন এবং গ্যাসের সংযোগ বন্ধ করে দেন। ঘটনাটি বড় কোনো দুর্ঘটনার রূপ নিতে পারত, কিন্তু ওই কর্মীর তাৎক্ষণিক পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে।
ইনস্টাগ্রাম পোস্টে ডা. জোশি এই ঘটনাকে তার জীবনের অন্যতম আবেগঘন স্মৃতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, ডেলিভারি কর্মী কোনো দ্বিধা ছাড়াই তাকে সাহায্য করেছেন। বিষয়টিকে তিনি মানবতা ও সহানুভূতির অনন্য নজির হিসেবে উল্লেখ করেছেন।
এই চিকিৎসক বলেন, মানুষ প্রায়ই অন্যদের বাহ্যিক রূপ বা পেশা দেখে বিচার করে ফেলে, অথচ প্রয়োজনের মুহূর্তে তারা যে সাহস ও দয়া দেখাতে পারে, তা অনেক সময় নজর এড়িয়ে যায়। ডা. জোশি স্বীকার করেন, ওই ব্যক্তিকে ধন্যবাদ জানানোর মতো উপযুক্ত শব্দ হয়তো তার কাছে নেই, তবে তার এই অবদানের কথা তিনি চিরকাল মনে রাখবেন।
ডেলিভারি কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, কেউ কেউ পার্সেল পৌঁছে দেন, আবার কেউ কেউ ঠিক সেই মুহূর্তে আশা নিয়ে আসেন, যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তিনি সবাইকে এই ঘটনাটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ওই ব্যক্তির নিঃস্বার্থ কাজটি আরও বেশি মানুষের নজরে আসে।