বগুড়া নিউজ ২৪: প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফিরতি সফরে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশে এটিই হতে যাচ্ছে কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম সফর।
কূটনৈতিক সূত্র জানায়, ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছে ১২ থেকে ১৩ ঘণ্টা অবস্থান করবেন আনোয়ার ইব্রাহিম। এরপর তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়বেন। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর, কৃষি, শিক্ষা ও শ্রমবাজার নিয়ে আলোচনা গুরুত্ব পাবে।
এ ছাড়া গত জুনে তারেক রহমানের মালয়েশিয়া সফরের অগ্রগতি পর্যালোচনা এবং তথ্য ও সম্প্রচার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে দুটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে।
এদিকে, ২০২৪ সাল থেকে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বরের আগেই বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এর প্রথম ধাপে ১১২ জন কর্মী বাছাইয়ের কাজ চলছে।
আনোয়ার ইব্রাহিমের সফর প্রস্তুতি নিয়ে বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।