সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

নির্বাচনের আগে ধনীদের ওপর কর আরোপের অঙ্গীকার স্পেনের প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: সাধারণ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার ১০ কোটি ইউরোর বেশি সম্পদের ওপর নতুন কর আরোপের প্রস্তাব করেছেন। তিনি জানান, এই করের অর্থ শিশু যত্ন, আবাসন এবং জনসেবা খাতে অর্থায়নে সহায়তা করবে।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রোববারের আগাম নির্বাচনের সামনে সানচেজের সোশ্যালিস্ট পার্টি রক্ষণশীল পপুলার পার্টির (পিপি) থেকে নিজেদের পার্থক্য স্পষ্ট করার চেষ্টা করছে। সানচেজের দাবি, পিপি কেবল সবচেয়ে স্বাবলম্বী ও ধনীদের জন্য কর কমাতে চায়।

জরিপগুলোতে দেখা গেছে, পিপি নির্বাচনে সর্বাধিক আসন লাভ করতে পারে তবে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হতে পারে, যার অর্থ চরম ডানপন্থী ‘ভোক্স’ (ভিওএক্স) পার্টি স্পেনের সরকার গঠনের ক্ষেত্রে মূল নিয়ামক (‘কিংমেকার’) হয়ে উঠতে পারে।

২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘যদিও আমরা আয়ের বৈষম্য ঐতিহাসিক নিম্নে নামিয়ে এনেছি, তবুও সবচেয়ে ধনী ০.১ শতাংশ মানুষ মোট সম্পদের ১০ শতাংশেরও বেশি দখল করে আছে। এবং ২০১০ সাল থেকে তাদের এই অংশটি ক্রমেই বেড়ে চলেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ১০ কোটি ইউরোর বেশি সম্পদের ওপর কর আরোপের প্রস্তাব করছি, যাতে উদাহরণস্বরূপ- শিশু লালন-পালন ভাতা, আবাসন এবং উন্নত জনসেবায় অর্থায়ন করা যায়। কোটি কোটি টাকা যেন সাধারণ মানুষের অধিকারে পরিণত হতে পারে।’

সাম্প্রতিক সময়ে ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং অন্যান্য দেশের বামপন্থী রাজনীতিবিদরা বৈষম্যের বিরুদ্ধে মানুষের ক্ষোভ নিরসন এবং নিজেদের ভোটারদের একতাবদ্ধ করতে ধনীদের সম্পদের ওপর বিভিন্ন করের পক্ষে সওয়াল করেছেন।

ব্যবসায়ী গোষ্ঠীগুলো সাধারণ এ জাতীয় করের বিরোধিতা করে সতর্ক করে দিয়েছে যে, এগুলো চাকরি ও কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তাদের দেশ ছাড়তে বাধ্য করতে পারে।

স্পেনে ইতোধ্যেই ২০২২ সালে প্রবর্তিত বড় সম্পদের ওপর একটি ‘সংহতি কর’ চালু রয়েছে, যা ৩০ লাখ ইউরোর বেশি নিট সম্পদের ওপর প্রযোজ্য।

আঞ্চলিক সম্পদ করের পরিপূরক হিসেবে এবং ধনী ব্যক্তিরা যেখানেই বসবাস করুক না কেন তারা যেন জাতীয় তহবিলে অবদান নিশ্চিত করেন, সেই লক্ষ্যে এই শুল্কটি চালু করা হয়েছিল।

অন্যদিকে, পিপি (পপুলার পার্টি) মধ্য ও নিম্ন আয়ের মানুষ এবং তরুণ কর্মীদের জন্য কর ছাড়ের পাশাপাশি প্রযুক্তি ও ডিজিটালাইজেশনে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কর প্রণোদনার প্রতিশ্রুতি দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর