বগুড়া নিউজ ২৪: রাজশাহীতে অনুষ্ঠিত আরএসএ ওপেন রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ দুর্দান্ত সাফল্য অর্জন করেছে বগুড়ার স্কেটাররা। প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়া।
শুক্রবার (৩০ অক্টোবর) দিনব্যাপী রাজশাহী স্কেটিং একাডেমি (আরএসএ) আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের ১৫টি ক্লাবের প্রায় ৩০০ স্কেটার অংশ নেন।
প্রতিযোগিতায় রাজশাহী, বগুড়া, বগুড়া ক্যান্টনমেন্ট, নাটোর ও নওগাঁর পাশাপাশি ঢাকা থেকে গোলাপবাগ, ধূপখোলা, রাসেল স্কেটিং ক্লাব, মতিঝিল, গুলশান, নোভা, প্রগ্রেসিভ ও ডাইনামিক স্কেটিং ক্লাবের খেলোয়াড়রা অংশ নেন।
প্রতিযোগিতায় মোট আটটি ক্যাটাগরিতে ছেলে ও মেয়েদের বয়সভিত্তিক ১৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে আটটি ইভেন্টে অংশ নিয়ে ১৫টি পদক অর্জন করে বগুড়ার স্কেটাররা।
পদকজয়ীদের মধ্যে ২-৪ বছর বয়সী বালিকা বিভাগে স্বর্ণ জিতেছেন মিফরা আমিন মুনিজ, রৌপ্য কৃত্তিকা নভেরা নোভা এবং ব্রোঞ্জ যিনাতুন্নিসা রুবায়েত হাসনা। ৪-৬ বছর বয়সী বালিকা বিভাগে স্বর্ণ পেয়েছেন রাকুইয়া খাতুন রুকু ও রৌপ্য আবরার হুরাইয়া। একই বয়সী বালক বিভাগে রৌপ্য পেয়েছেন আবরার হুরাইয়া এবং ব্রোঞ্জ আবরার রহমান।
৬-৮ বছর বয়সী বালিকা বিভাগে স্বর্ণ মাহী ইসলাম মাহী, রৌপ্য এস জাহান জিহা এবং ব্রোঞ্জ নুসাইবা বিনতে হাসান। একই বয়সী বালক বিভাগে স্বর্ণ মুহতাদী জামান ও রৌপ্য আহম্মেদ উজায়ের হিসাম। ৮-১০ বছর বয়সী বালক বিভাগে রৌপ্য পেয়েছেন শাহরিয়ার কবির স্বরণ।
এ ছাড়া ১০-১২ বছর বয়সী বালিকা বিভাগে স্বর্ণ সাবিকুন্নাহার আরিশা, ১২-১৪ বছর বয়সী বালিকা বিভাগে ব্রোঞ্জ মাশিয়াত খান মাইভ এবং একই বয়সী বালক বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন মুহতাসিম বিল্লাহ গালিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ এইচ এম মহিউদ্দিন এবং বাংলাদেশ অ্যালায়েন্স অব স্কেটার্সের (বিএএস) সভাপতি মো. নওসিফ হোসেন দিপ্র।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য দেশের বিভিন্ন অঞ্চলের স্কেটারদের একত্রিত করা, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা। তৃণমূল পর্যায়ের স্কেটারদের জাতীয় পর্যায়ে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।