শিরোনাম :
ফেনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও হুইলচেয়ার বিতরণ কেলেঙ্কারির জেরে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার : রাষ্ট্রপতি সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি এবার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এআই ব্যবহারের উদ্যোগ গুগলের ২৪ কোটি ছাড়িয়েছে জেনারেটিভ এআই ব্যবহারকারী পুরনো ফোন ভালো রাখতে কত শতাংশ চার্জ দিয়ে বন্ধ রাখবেন? বাইন্যান্সে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা আগামী ১ বছরে চালু হবে বাংলাদেশের নিজস্ব এআই অবকাঠামো
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

গিনি থেকে বিতাড়িত স্বর্ণখনি শ্রমিকদের মালিতে পালানোর সময় চরম বিশৃঙ্খলা

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: অবৈধ স্বর্ণখনি বন্ধে গিনির নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে মালিতে আশ্রয় নিচ্ছেন। এই হুড়োহুড়ির মধ্যে স্ত্রীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আইভরিকোস্টের ৪১ বছর বয়সী মৌসা কোনাতে।

কয়েক দিন আগে গিনি থেকে পালানোর সময় তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জনতার ভিড়ে হারিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

উদ্বিগ্ন মুখে মৌসা বলেন, ‘চারদিকে ধাক্কাধাক্কি, চিৎকার আর ধোঁয়া ছিল। নিরাপত্তা বাহিনী যখন আমাদের চলে যেতে বলল, তখন সবকিছু খুব দ্রুত ঘটে গেল।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক দিন ধরে নতুন আসা মানুষের কাছে জানতে চাচ্ছি, কেউ আমার স্ত্রীকে দেখেছেন কি না। কিন্তু কেউ কোনো খবর দিতে পারেননি।’

মালির ওয়েজিনদুগু এলাকায় বাস্তুচ্যুত মানুষদের জন্য নির্ধারিত দুটি সরকারি আশ্রয়কেন্দ্রের একটিতে বসে এএফপিকে এসব কথা বলেন তিনি।

চলতি মাসের শুরুতে গিনির উত্তর-পূর্বাঞ্চলে অবৈধভাবে স্বর্ণ উত্তোলন বন্ধ করতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করে দেশটির সরকার। এরপর থেকেই হাজার হাজার স্বর্ণখনিশ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা সীমান্ত পেরিয়ে মালিতে প্রবেশ করছেন।

খনিজ সম্পদে সমৃদ্ধ গিনির সরকারের দাবি, অনানুষ্ঠানিকভাবে স্বর্ণ উত্তোলনের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশেষ করে ভূমির অবক্ষয় ও পানিদূষণ রোধ করতেই এ অভিযান চালানো হচ্ছে।

তবে এ অভিযানের ফলে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে মালিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তাদের অনেকেই ক্লান্ত ও অর্থহীন। এরা পরিবারের সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

মালির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযান শুরুর পর থেকে দেশটির রাজধানী বামাকোতেই প্রায় এক লাখ মানুষ এসে পৌঁছেছেন। এ পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গিনি থেকে বিতাড়িতদের অধিকাংশই বুরকিনা ফাসোর নাগরিক। এ ছাড়া আইভরিকোস্ট, সেনেগাল, টোগো ও বেনিনের নাগরিকেরাও রয়েছেন তাদের মধ্যে।

ওয়েজিনদুগু আশ্রয়কেন্দ্রে হাজার হাজার ক্লান্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যকে মাটিতে শুয়ে থাকতে দেখা গেছে। কৌরেমালে থেকে প্রায় ১২৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে তারা সেখানে পৌঁছেছেন।

আশপাশের বাড়ির দেয়ালের পাশে কিংবা অস্থায়ী ছাউনির নিচে ত্রিপল ও তাবু টানিয়ে কোনোমতে রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন তারা।

বুরকিনা ফাসোর ২১ বছর বয়সী আলাসানে কাবোরে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না।

তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, যা আমি কারও জীবনে কামনা করি না।’

তিনি জানান, পালানোর সময় বিশৃঙ্খলার কারণে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মালির হাসপাতাল সূত্র জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষ আসতে শুরু করার পর থেকে দেশটিতে অন্তত ছয়জন নারী সন্তান জন্ম দিয়েছেন।

কাবোরে বলেন, ‘কাউকে কাউকে মারধর করা হয়েছে। আবার অনেকে প্রাণভয়ে ঝোপঝাড়ের মধ্য দিয়ে পালানোর সময় তাদের স্বজনদের হারিয়েছেন।’

কাছেই দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন বুরকিনা ফাসোর ৩০ বছর বয়সী স্বর্ণখনিশ্রমিক সেদু ত্রাওরে।

তিনি শান্ত কণ্ঠে বলেন, ‘সেখানে আমরা সত্যিই অনেক পরিশ্রম করেছি। কিন্তু একদিন হঠাৎ সবকিছু বদলে গেল। আমাদের সঙ্গে সঙ্গে চলে যেতে বলা হলো। এমনকি নিজেদের যন্ত্রপাতি বা জমানো টাকা-পয়সা গুছিয়ে নেওয়ারও সময় দেওয়া হয়নি।’

বাড়ছে মানবিক সংকটের আশঙ্কা

মালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই সংকট মোকাবিলায় প্রায় ২২ কোটি ৮০ লাখ সিএফএ ফ্রাঁ বা ৩ লাখ ৮৮ হাজার ডলার প্রয়োজন হবে।

আপাতত দেশটির সরকারি কর্তৃপক্ষ, বিভিন্ন মানবিক সহায়তা সংস্থা এবং স্থানীয় বাসিন্দারা গিনি থেকে আসা মানুষদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করছেন।

তবে বিপুলসংখ্যক মানুষের এই আগমন মালির ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটিতে আগে থেকেই ৫০ লাখের বেশি মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

এ ছাড়া বাস্তুচ্যুত ও অসহায় এসব মানুষ সাহেল অঞ্চলে সক্রিয় জিহাদি গোষ্ঠীগুলোর নিয়োগের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন কর্মকর্তারা।

মালির নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘এই মানুষগুলো খুবই অসহায় অবস্থায় রয়েছেন।

সন্ত্রাসী নেটওয়ার্কগুলো যাতে তাঁদের কাছে ভিড়তে না পারে, সে জন্য আমরা বিভিন্ন উপায় খতিয়ে দেখছি।’

ওই কর্মকর্তা বলেন, ‘কিছু দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে আইভরিকোস্টও রয়েছে।’

বুধবার বুরকিনা ফাসো সরকার জানায়, মালির সঙ্গে সমন্বয় করে পরিচালিত প্রত্যাবাসন কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত ৩৭ হাজার ১৩৬ জনকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।

তাদের মধ্যে ৭ হাজার ৯৮৮ জন শিশু এবং অন্য দেশের ১ হাজার ৪৯ জন নাগরিক রয়েছেন।

এদিকে গিনির উত্তর-পূর্বাঞ্চলে অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের অভিযোগে এ পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর