বগুড়া নিউজ ২৪: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে দেশে পালিয়ে গেছে, সেটা হলো তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে দেশের মানুষের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবার অধিকার কেড়ে নিতে চায়। আবার তাদের গুম-খুনের রাজনীতি করার অধিকার দেবে না জনগণ। খুনী-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ (যথেস্ট হয়েছে, আর না)। বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চব্বিশের মতো সকল দল-মতের মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, দেশ ও জনগনের ভাগ্যের পরিবর্তনে ফ্যাসিবাদবিরোধী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে, হত্যার রাজনীতি, তাবেদারি অপশক্তির বিরুদ্ধে জবাব দিতে হবে এনাফ ইজ এনাফ।
সরকার যখন সাধারণ জনগণের জন্য কাজ করার চেষ্টা করছে, তখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, যে সন্ত্রাসী মহল ষড়যন্ত্র করছে, তারা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশে শাসন করেছে। মানুষের কথা বলার অধিকার, ভোটাধিকার কেড়ে নিয়েছে।
দেশের মানুষ আর নিশিরাত-ডামি নির্বাচন চায় না
এ সময় প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে পুরো রংপুর বিভাগে গ্যাস সংযোগ দেবে সরকার, যেন কলকারখানা তৈরি করে এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি হয়।