ষ্টাফ রিপোর্টার: তিন বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মহানগরের ২০ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক মো. রুস্তম আলী, বগুড়া ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক ইফতেখার রহমান জয়, ভুক্তভোগী শিশুটির বাবা মোমিন সরদার ও মা, এলাকার বাসিন্দা ইলিয়াস উদ্দিনসহ স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, তিন বছরের নিষ্পাপ শিশুর ওপর এমন নৃশংস নির্যাতনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে অভিযুক্ত রাহুলকে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সঙ্গে ধর্ষণে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত লুৎফর রহমান ও রহিমা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত রাহুলের দাদার বাড়ি থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত রাহুল পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী রাহুলের দাদি রহিমা বেগম বেলি (৬৫) ও দাদা লুৎফর রহমান লুদুকে (৭০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা পুলিশ সুপারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে যায়। পরে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তারা ভুক্তভোগী শিশুর নিরাপত্তা, সুচিকিৎসা ও যথাযথ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।