মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

রাশিয়ার সঙ্গে দ্রুত চারপক্ষীয় আলোচনার আহ্বান জেলেনস্কির

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার রাশিয়ার সঙ্গে নতুন করে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। এতে ইউরোপের নেতাদেরও অন্তর্ভুক্ত করার কথা বলেছেন তিনি। একই সঙ্গে ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেছেন।

বার্লিনে ন্যাটোভুক্ত দেশগুলোর আইনপ্রণেতাদের এক সমাবেশে ভিডিও বার্তায় বক্তব্য দেন জেলেনস্কি। এ সময় মস্কোর সঙ্গে শান্তি আলোচনা শুরুর সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানান তিনি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিয়ে চারপক্ষীয় বৈঠক যত দ্রুত সম্ভব আয়োজন করতে আমাদের সবকিছু করতে হবে। আমরা আলোচনায় বসতে প্রস্তুত। আক্ষরিক অর্থেই আগামীকাল।’

তিনি আরও বলেন, ‘আমাদের অংশীদারদের কাছ থেকে শুনেছি, বড়দিনের আগে বৈঠকটি আয়োজনের চেষ্টা করতে চান তারা। আমরা আশা করি, এর আগেই তা অনুষ্ঠিত হবে।’

আগের আলোচনাগুলোতে ইউরোপের দেশগুলোকে বাইরে রাখা হয়েছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনায় যুক্ত হওয়ার জন্য তাদের উদ্যোগ আরও জোরালো হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের বিরুদ্ধে লড়াই করে আসছে ইউক্রেন। দেশটির জন্য শুধু ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তার নিশ্চয়তা নয়, বরং জোটের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথ তৈরির আহ্বান জানিয়ে আসছেন জেলেনস্কি।

তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধের অভিজ্ঞতা, আধুনিক প্রতিরক্ষা শিল্প এবং বড় সামরিক বাহিনী ন্যাটোর অন্য সদস্যদেরও উপকারে আসবে।

বার্লিনের সমাবেশে জেলেনস্কি বলেন, ‘ন্যাটোই এর সমাধান। আর শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনী থাকলে ন্যাটোও আরও শক্তিশালী হবে- এ নিশ্চয়তা দেওয়া যায়।’

তবে ন্যাটোর বেশ কয়েকজন নেতা ইউক্রেনকে জোটের সদস্য করার বিষয়ে অনীহা প্রকাশ করেছেন।

গত সপ্তাহে বার্লিনে ইউক্রেনের সমর্থক দেশগুলোর এক সমাবেশে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার বলেন, শান্তি চুক্তির অংশ হিসেবে ওয়াশিংটন ইউক্রেনকে উত্তর আটলান্টিক চুক্তির ৫ অনুচ্ছেদের আদলে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।

তবে সোমবার জেলেনস্কি বলেন, ন্যাটোর পূর্ণ সদস্যপদ ছাড়া এ ধরনের নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে কার্যকর হবে, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়ে গেছে।

তিনি বলেন, ‘ইউক্রেন আবারও হামলার শিকার হলে কোন কোন দেশ আমাদের সহায়তায় এগিয়ে আসবে? আমাদের অংশীদারেরা তখন ঠিক কী পদক্ষেপ নেবে? আগাম আমাদের ভূখণ্ডে কোন কোন দেশের সেনা মোতায়েন করা হবে? এতে কত ব্যয় হবে? আর এ ব্যবস্থা কি সত্যিই কার্যকর হবে?’

জেলেনস্কি বলেন, ‘এসব প্রশ্নের কোনোটিই সহজ নয়। এখন পর্যন্ত আমরা এ বিষয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট কোনো উত্তর পাইনি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের আহ্বানও পুনর্ব্যক্ত করেন। রাশিয়ার বিমান হামলা ঠেকাতে তিনি দেশগুলোকে নিজেদের মজুত অস্ত্র ইউক্রেনকে দেওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, ‘রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলো গুদামে পড়ে থেকে ধুলা জমতে দেওয়া উচিত নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর