বগুড়া নিউজ ২৪: আগামী বছর দেশের স্বাস্থ্যখাতে বিদ্যমান সংকট কাটিয়ে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, স্বাস্থ্যখাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও সরকার প্রয়োজনীয় জনবল নিয়োগ, দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করছে। আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে।
আজ রাতে রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশে ২০৪০ সাল নাগাদ স্বাস্থ্যকর্মীর চাহিদা ও সরবরাহের প্রক্ষেপণ’ শীর্ষক প্রতিবেদন অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন ডেন্টাল সার্জন। এই নিয়োগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবায় চিকিৎসক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।
তিনি বলেন, শুধু চিকিৎসকের সংখ্যা বাড়ালেই হবে না, স্বাস্থ্যখাতে চিকিৎসকদের পেশাগত দক্ষতা ও সেবার মান বাড়ানোর দিকেও বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের পাশাপাশি নার্স ও মিডওয়াইফদেরও যথাযথ প্রশিক্ষণের আওতায় আনতে হবে। একটি দক্ষ ও মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসক, নার্সসহ সব পর্যায়ের স্বাস্থ্যকর্মীর দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি।
সাখাওয়াত হোসেন আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের তুলনায় উন্নত হয়েছে। তবে এই অগ্রগতিকে আরও টেকসই করতে স্বাস্থ্যকর্মীদের চাহিদা নিরূপণ, জনবল পরিকল্পনা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
এসময় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার ফ্ল্যাগশিপ কর্মসূচি বাস্তবায়নে বাড়তি ২০ হাজার চিকিৎসক ও ৬০ হাজার নার্স প্রয়োজন। বর্তমানে দেশে চিকিৎসক ও নার্সের অনুপাত ভারসাম্যহীন হওয়ায় স্বাস্থ্য জনবলের পিরামিড কাঠামো ভেঙে পড়েছে।
তিনি বলেন, আদর্শ স্বাস্থ্য ব্যবস্থায় একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স থাকার কথা থাকলেও দেশে প্রায় ১ লাখ ৬ হাজার চিকিৎসকের বিপরীতে নার্স ও মিডওয়াইফ রয়েছেন মাত্র ১ লাখ ৯ হাজার। ফলে পিরামিড কাঠামো সোজা হয়ে সিলিন্ডারে পরিণত হয়েছে। জনবলের অন্যান্য স্তরে ঘাটতি থাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের বাড়তি কাজের চাপ নিতে হচ্ছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ. কে. এম. বেনজামিন রিয়াজী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. রাজেশ নরওয়াল প্রমুখ।