শিরোনাম :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা পদ শূন্য ঘোষণা কলকাতা হাইকোর্টের

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা পদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন আইনসম্মত নয় বলে রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আদালতের এই নির্দেশে তাৎক্ষণিকভাবে বিরোধী দলনেতার পদ শূন্য হয়ে গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে অর্থাৎ ১০ দিনের মধ্যে নতুন করে বিরোধী দলনেতা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকে।

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কাউকে বিরোধী দলনেতা হিসেবে উল্লেখ করা যাবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ৮০টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের আসনে বসে তৃণমূল কংগ্রেস। তবে ফলাফলের পর দলীয় কোন্দলে তৃণমূল দুই ভাগে বিভক্ত হয়ে পড়লে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে জটিলতা তৈরি হয়।মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে গত ৯ মে স্পিকারকে চিঠি পাঠান। ওই চিঠিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ওঠে এবং এফআইআরও দায়ের হয়। এর মধ্যে ১ জুন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন
নেতার মাথায় বন্দুক ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ ও ২ শিশুকন্যাকে যৌন হয়রানি!

কিন্তু এর দুই দিন পরই ৩ জুন ৫৮ জন বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে চিঠি দেয়া হয়। সেই চিঠির ভিত্তিতে স্পিকার ঋতব্রতকে বিরোধী দলনেতা ও আখরুজ্জামানকে চিফ হুইপ ঘোষণা করলে শোভনদেব চট্টোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হন।

শীতকালীন অধিবেশন ও আস্থা ভোটের সম্ভাবনা

আগামী ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন। অথচ স্পিকারকে সিদ্ধান্ত জানাতে ৭ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আদালত। ফলে অধিবেশনের শুরুতে বিরোধী দলনেতা ছাড়াই কাজ চলার নজির তৈরি হতে পারে।

বিধানসভার প্রচলিত নিয়ম অনুযায়ী, এমন অচলাবস্থায় স্পিকার চাইলে নিজে সিদ্ধান্ত নিতে পারেন, কিংবা অধিবেশন চলাকালীন আস্থা ভোটের পথ বেছে নিতে পারেন। আস্থা ভোটে যে পক্ষ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে, তারাই স্থায়ীভাবে বিরোধী দলনেতার পদ পাবে।

দুই শিবিরের বক্তব্য

রায়ের পর প্রতিক্রিয়ায় তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, স্পিকার নিরপেক্ষতা হারিয়ে অসাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই আদালত তা বাতিল করেছে। তার দাবি, এর ফলে চিফ হুইপ হিসেবে আখরুজ্জামানের নিয়োগও বাতিল হয়েছে। এ ছাড়া দিল্লিতে নির্বাচন কমিশনের শুনানিতে প্রতিপক্ষের নতুন নথি ও লিখিত বক্তব্যের বিরোধিতা করার পাশাপাশি জাল স্বাক্ষর নিয়ে অভিযোগ জানানোর কথাও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, দিল্লিতে নির্বাচন কমিশনের শুনানি শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, আদালতের রায় নিয়ে তাদের কোনও বিরোধ নেই এবং বিষয়টি এখন স্পিকারের এখতিয়ারে। ৩ জুন সংখ্যাগরিষ্ঠ বিধায়কের উপস্থিতির ভিত্তিতেই স্পিকার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে ২২ জুন অরূপ রায়কে চেয়ারপার্সন করে ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ হিসেবে নির্বাচন কমিশনে বিরোধ জানানো হয়েছে।

স্পিকার যেদিন ডাকবেন, সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে তার কাছে যাওয়ার এবং সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান ঋতব্রত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর