রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

বরিশালে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দীপাবলি উৎসব শুরু

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলায় উপমহাদেশের সবচেয়ে বড় ‘শ্মশান দীপাবলি’ উৎসব শুরু হয়েছে।

প্রতিবছর কালী পূজার আগের দিন সন্ধ্যায় এর আয়োজন করা হয়। এদিন হাজারো মোমবাতি জ্বালিয়ে পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। আর এই আয়োজনকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যাবস্থা।

হাজারো মোমবাতির আলোয় জ্বল জ্বল করছে বরিশাল নগরীর মহাশ্মশান। পরোলকগত আত্মার শান্তি কামনায় আলো জ্বালিয়ে এ এক অন্যরকম প্রার্থনা স্বজনদের।

সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের স্মরণ এবং আত্মার শান্তি কামনায় মোমবাতি, ধূপকাঠি ও প্রদীপ প্রজ্বলন করেন।

সন্ধ্যার আগেই স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা আসেন শ্মশানে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় দীপাবলি উৎসব। প্রয়াত স্বজনদের সমাধি সাজানো হয় পছন্দের খাবারসহ নানা উপাচারে। আত্মার শান্তি কামনায় ধর্মীয় রীতি অনুযায়ী চলে প্রার্থনা।

স্মরণ করতে আসা গোবিন্দ বলেন, এটি শত বছরের পুরনো একটি ঐতিহ্য। যারা পরলোকগমন করেছেন তাদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করি।

এখানে প্রতিবছর দীপাবলির আয়োজন করা হয়। স্বজনরা আসেন, প্রদীপ প্রজ্জলন করেন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আমরা সন্তুষ্ট।

বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমজর মুরালী বাসসকে বলেন, বরিশাল পৌরসভা ১৮৭৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার পরেই শ্মশানের প্রাতিষ্ঠানিকতা রুপ লাভ করে।

বরিশাল নগরীর কাউনিয়ায় এই মহাশ্মশানটি প্রায় ২০০ বছর আগে ৫ একর ৯৬ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয়। নতুন পুরনো মিলিয়ে মহাশ্মশানে ৬১ হাজারেরও বেশি সমাধি রয়েছে। এরমধ্যে ৫০ হাজারের অধিক পাকা এবং ১০ হাজার কাঁচা মঠ রয়েছে। এছাড়া ৯০০ মঠ রয়েছে যাদের স্বজনরা এই দেশে নেই, সেসব মঠ হলুদ রং করা হয়েছে। স্বজন না থাকা মঠগুলোতে কমিটির পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন করা হয়ে থাকে

কালীপূজার আগের দিন ভূত চতুর্দশীর পুন্যতিথীতে প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের সমাধিতে দীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রিয়জনের স্মৃতির উদ্দেশে জ্বালানো মোম বা প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো শশ্মান। বরিশালে আয়োজিত শ্মশান দীপাবলি উপমহাদেশের সর্বপ্রথম ও সর্ব বৃহৎ।

প্রতিবছর পূর্ব পুরুষের সমাধিতে শ্রদ্ধা জানাতে শ্মশান দীপাবলির সময় দেশের বিভিন্নস্থান ছাড়াও ভারত-নেপাল থেকে শত শত মানুষ এখানে আসেন। এসময় হাজার হাজার মানুষের ভিড়ে শ্মশান দীপাবলি উদ্ভাসিত হয়।

এদিকে শ্মশান দীপাবলিকে কেন্দ্র করে কাউনিয়া এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর