শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত অবসানে দ্রুত কূটনীতি শুরুর আহ্বান এরদোগানের

প্রতিনিধির নাম / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

hospf dbgsu 24: ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে আর দেরি না করে কূটনৈতিক আলোচনা শুরু করা উচিত।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, তুরস্কের আন্তালিয়া প্রদেশে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন এরদোগান।

বৈঠকে এরদোগান ‘আর দেরি না করে আলোচনার টেবিলে ফেরার গুরুত্ব’ তুলে ধরেন। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

তুরস্কের আন্তালিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এরদোগান বলেন, ‘সমঝোতায় পৌঁছানোর অভিন্ন ভিত্তি আরও শক্তিশালী ও কূটনীতিকে সুযোগ দিতে হবে।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় মধ্যপ্রাচ্যে এ যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও যুদ্ধে জড়িয়ে পড়ে।

বুধবার জাতিসংঘের জলবায়ু সম্মেলনে দেওয়া ভাষণে পেজেশকিয়ান অভিযোগ করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিবেশের ব্যাপক ক্ষতি করেছে।

তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাম্প্রতিক অপরাধমূলক ও অবৈধ আগ্রাসনে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে বিপুল পরিমাণ দূষণকারী পদার্থ ও গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে।’

কাতার ও পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধ অবসানে সমঝোতার চেষ্টা চলছে।

তেহরান চায়, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ওয়াশিংটন তাদের একগুচ্ছ দাবি মেনে নিক। এসব দাবির মধ্যে রয়েছে জব্দ করা সম্পদ অবমুক্ত করা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার।

সংঘাত শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে ইরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর