ময়মনসিংহ প্রতিনিধি: দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার বিকালে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে স্টেশন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। এ সময় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্লোগান দেয় বিক্ষোভকারীরা।
এর আগে নগরীর ৩৩টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয়ে এসে সমাবেত হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, এম.এ হান্নান খান, একেএম মাহাবুবুল আলম, কায়কোবাদ মামুন, নজরুল ইসলাম ভূইয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তাদের এই অপরাজনীতি রুখে দিতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।