শিরোনাম :
‘আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে’ বগুড়া মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন শিশুদের সুরক্ষায় দেশব্যাপী চাইল্ড কেয়ার সেন্টার প্রতিষ্ঠা হবে: সমাজকল্যাণ মন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে—আর না’: আওয়ামী লীগকে তারেক রহমান ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও চীনের কূটনীতিকদের সাক্ষাৎ পুলিশে একযোগে ১৭ কর্মকর্তার বদলি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

‘আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে’

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ বাড়ানোর বড় সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেছেন, এ রায়ের ভিত্তিতে মিয়ানমার সরকার ও রাখাইনে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ানো সম্ভব হবে। এর ফলে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর পথ তৈরি হতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইসিজের রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। প্রায় ১০ বছর ধরে রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। ২০১৭ সালে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসতে শুরু করেন। আইসিজের এ রায় রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক।

তিনি বলেন, রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন ও গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করেছিল গাম্বিয়া। এ উদ্যোগের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অর্থায়ন ও মানবিক সহায়তা দিয়ে আসা আন্তর্জাতিক সম্প্রদায়কেও ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, আইসিজের রায়ে মিয়ানমারের গণহত্যার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে যেসব কর্মকাণ্ড চালানো হয়েছিল, তা আদালতের রায়ে প্রতিফলিত হয়েছে।

তিনি জানান, আইসিজের রায়ের বিস্তারিত এবং বাংলাদেশের জন্য এর তাৎপর্য তুলে ধরে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিং করার কথা রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ রায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। মিয়ানমারের সঙ্গে আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার মাধ্যমে বাংলাদেশ এ সংকটকে বিশ্বপরিমণ্ডলে গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদেও এ বিষয়ে উচ্চপর্যায়ের আয়োজন করা হয়েছে। আইসিজের রায় এসব উদ্যোগকে আরও জোরদার করবে।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের আহ্বান থাকবে, আইসিজের রায়ের ভিত্তিতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে। যাতে দ্রুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরু করা যায়।

আইসিজের রায়ের পর রাখাইনে রোহিঙ্গাদের ওপর নতুন করে নির্যাতন শুরু হতে পারে বলে জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদকের আশঙ্কার বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এ বিষয়ে সজাগ রয়েছে।

তিনি বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে। এসব কর্মকাণ্ডের জন্য তাদের বিন্দুমাত্র অনুশোচনা থাকলে আচরণে তার প্রতিফলন দেখা যেত। নতুন করে নির্যাতনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে বাংলাদেশের সীমান্তে দায়িত্ব পালনকারী বিভিন্ন সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সতর্ক রয়েছে।

শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশ কখনোই চায় না মিয়ানমারের মাটিতে রোহিঙ্গাদের ওপর নতুন করে নির্যাতন-নিপীড়ন চালানো হোক। বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ জানায়। একই সঙ্গে আশা করে, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি আইসিজের রায়কে সম্মান জানিয়ে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করবে।

রোহিঙ্গা সংকট সমাধানে প্রভাবশালী দেশগুলোর ভূমিকা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশের উদ্বেগ রয়েছে। তবে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ সফর এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর