রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

হলুদ জার্সিতে ফেরার স্বপ্ন নেইমারের, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে আবারও মাঠে নামতে চান তারকা ফরোয়ার্ড নেইমার। ২০২৮ সালের কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন সান্তোসের এই ফুটবলার। তবে সেই স্বপ্ন পূরণে ফিটনেস ও পারফরম্যান্সে আরও উন্নতি করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৬ নভেম্বর) সাও পাওলোর গুয়ারুলহোসে কিংস লিগ কাপের একটি ম্যাচ দেখতে গিয়ে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেন নেইমার। ফুরিয়ার সহ-সভাপতি হিসেবে ম্যাচটি দেখতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন সান্তোসের সতীর্থ ফিলিপে কুতিনিয়ো ও আর্থার।

এ সময় ঘনিষ্ঠ বন্ধু ক্রিস গুয়েদেসের সঙ্গে ফুটবল ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপচারিতায় অংশ নেন নেইমার। একপর্যায়ে গুয়েদেস জানতে চান, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে বিশ্বকাপ পর্যন্ত খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ব্রাজিলিয়ান তারকা।

পরে পরবর্তী কোপা আমেরিকার আসর নিয়ে আলোচনায় গুয়েদেস ২০২৭ সালের কথা উল্লেখ করেন। তবে টুর্নামেন্টটির পরবর্তী আসর ২০২৮ সালে হওয়ার কথা। এ সময় মজার ছলে উঠে আসে ব্রাজিলের হলুদ জার্সিতে নেইমারের ফেরার প্রসঙ্গ।

নেইমার বলেন, সান্তোসের সাদা জার্সিতেই তাকে বেশি ভালো লাগে। তবে ব্রাজিলের হলুদ জার্সিতেও যে তাকে মানায়, সেটিও স্বীকার করেন তিনি। এ সময় আর্থারও জাতীয় দলের জার্সিতে নেইমারকে ভালো দেখায় বলে মন্তব্য করেন।

আলোচনায় গুয়েদেস আরও বলেন, পিএসজিতে থাকার সময়ের তুলনায় এখন বেশি ম্যাচ খেলছেন নেইমার। শারীরিক সক্ষমতার উন্নতি ধরে রাখতে পারলে ২০২৮ সালের কোপা আমেরিকা হতে পারে ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ।

জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়ে নেইমার বলেন, ‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই। আমিও স্বপ্ন দেখি।’

নেইমারের এই মন্তব্যে ব্রাজিল দলে ফেরার আকাঙ্ক্ষা স্পষ্ট হলেও কবে নাগাদ জাতীয় দলের জার্সিতে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়। আপাতত সান্তোসের হয়ে নিয়মিত মাঠে নামা এবং ফিটনেস ধরে রাখাই তার প্রধান চ্যালেঞ্জ। ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারলে ২০২৮ কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপে খেলার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে।

জাতীয় দলের পাশাপাশি কিংস লিগ নিয়েও পরিকল্পনা রয়েছে নেইমারের। ২০৩০ সালে ফুরিয়ার হয়ে আনুষ্ঠানিক কিংস লিগের ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সেখানে সান্তোসের বর্তমান সতীর্থদের সঙ্গে মাঠে নামার সম্ভাবনাও উড়িয়ে দেননি ব্রাজিলিয়ান এই তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর