বগুড়া নিউজ ২৪: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক, কলামিস্ট এবং টকশো ব্যক্তিত্ব মেহেদী হাসান পলাশ।
আজ বুধবার তাকে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিতে এক বছরের জন্য এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়, মেহেদী হাসান পলাশকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের অন্য শর্তসমূহ চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।মেহেদী হাসান পলাশ দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন নামক গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি।