বগুড়া নিউজ ২৪: ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি কর্মীদের জন্য এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি। সন্তান লালন-পালনে বাবার অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো এ সুবিধা চালু করছে তামিলনাড়ু রাজ্য সরকার।
সরকারি ওই বিবৃতিতে বলা হয়েছে, সন্তান লালন-পালনে বাবার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিবেচনায় বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি নিতে পারবেন।
নতুন এই ছুটি সন্তান জন্মের ১৫ দিন আগে থেকে শুরু করে জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে যেকোনো সময় নেওয়া যাবে। এ বিষয়ে নতুন ছুটির সুবিধা চালু করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
তামিলনাড়ু সরকার জানিয়েছে, পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার দাবিতে বিভিন্ন পর্যায় থেকে আবেদন আসছিল। বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা বর্তমানে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। নতুন সিদ্ধান্তের ফলে রাজ্যের পুরুষ সরকারি কর্মীরাও সন্তান জন্মের সময় পরিবারের পাশে থাকার জন্য আনুষ্ঠানিক ছুটির সুযোগ পাবেন।