বগুড়া নিউজ ২৪: রাজধানীর মহাখালীর ডিবিসি নিউজ কার্যালয় থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) নিজেদের হেফাজতে নিয়েছে চ্যানেলটির সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এবং ক্রাইম চিফ রাজিব ঘোষকে। ইকবাল সোবহান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ছিলেন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে ডিবির সদস্যরা তাদের কার্যালয় থেকে নিয়ে যান। পরে ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ঘটনা নিয়ে ঢকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আখতার হোসেন কথা বলেছেন। তিনি জানান, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে আনা হয়।
ডিসি আখতার হোসেন আরও বলেন, এই দুজনকে নিরাপদে হেফাজতে নিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেপ্তার করা হয়নি। ঘটনার বিস্তারিত তথ্য তার কাছে নেই বলে জানিয়ে তিনি বলেন, পরবর্তী বিষয়গুলো পরে জানানো হবে।
এর আগে গত ১৫ এপ্রিল ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার সময় ইকবাল সোবহান চৌধুরীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। কী কারণে তাকে ফেরত পাঠানো হয়, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। এর পর থেকে ইকবাল সোবহান চৌধুরী অনেকটা আড়ালেই ছিলেন। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তাকে জাতীয় প্রেস ক্লাবে দেখা যায়।