রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

‘জিয়াউর রহমানের নেতৃত্ব অনুসরণ করেই বাংলাদেশ পুনর্গঠন করতে হবে’

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা, দেশপ্রেম ও স্বজনপ্রীতিমুক্ত নেতৃত্বের যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা অনুসরণ করেই বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে।

তিনি বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে একটি ভগ্নপ্রায় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছিল। তার সময়ে শিল্পকারখানায় নতুন বিনিয়োগ শুরু হয়। দুর্ভিক্ষের অভিশাপ পেছনে ফেলে অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যায় বাংলাদেশ।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট নগরীতে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে বের হওয়া র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দীর্ঘদিন পর যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সুযোগ ফিরে এসেছে। ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বরের অভ্যুত্থানের পর সৃষ্ট পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দেশ আবারও অন্ধকারের দিকে ফিরে যেতো। বাংলাদেশের মানুষ সেই অবস্থায় ফিরে যেতে চায়নি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অভিন্ন প্রত্যাশা থেকে সেদিন সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেছিলেন।

মন্ত্রী বলেন, ৭ নভেম্বরের পর জিয়াউর রহমান তার অসাধারণ নেতৃত্বগুণ দিয়ে দেশকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। তার শাসনামলে বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে। জাতীয়তাবাদী নেতৃত্বের মাধ্যমে তিনি দেশের মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও দেশপ্রেম জাগিয়ে তুলেছিলেন। মুসলিম বিশ্বেও বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল।

নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সমাবেশ পরিচালনা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য এম এ মালিক, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর