মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সমুদ্রের তলদেশে ২৭ কিলোমিটার সড়ক নির্মাণ, বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে নরওয়ে

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে নরওয়ে। দেশটির পশ্চিম উপকূলে নির্মাণাধীন ২৭ কিলোমিটার দীর্ঘ ‘রোগফাস্ট’ টানেল চালু হলে ফেরি ছাড়াই সড়কপথে যাতায়াত করা যাবে। এতে বার্গেন ও স্টাভাঙ্গার শহরের মধ্যে যাতায়াতের সময় কমবে প্রায় ৪০ মিনিট।

টানেলটির সর্বোচ্চ গভীরতা হবে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৯২ মিটার নিচে। ২০১৮ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু হলেও ব্যয় বৃদ্ধির আশঙ্কায় ২০১৯ সালের শেষ দিকে প্রকল্পটি স্থগিত করা হয়। পরে প্রকল্প পুনর্গঠনের পর ২০২১ সালের শেষ দিকে আবার কাজ শুরু হয়। ২০৩৩ সালে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫ বিলিয়ন নরওয়েজীয় ক্রোনার বা ২৪০ কোটি মার্কিন ডলার।

নির্মাণকারী প্রতিষ্ঠান স্কানস্কার প্রকল্প ব্যবস্থাপক অ্যান ব্রিট মোয়েনের মতে, রোগফাস্ট চালু হলে নরওয়ের পশ্চিম উপকূলের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। বিশেষ করে স্টাভাঙ্গার ও হাউগেসুন্ড অঞ্চলের মধ্যে দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগ প্রতিষ্ঠিত হবে।

টানেলটিতে থাকবে দুটি পৃথক পথ। প্রতিটি পথে যানবাহন চলাচলের জন্য থাকবে দুই লেন। এছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬০ মিটার গভীরে নির্মাণ করা হবে দুটি গোলচত্বর। এগুলোর মাধ্যমে নরওয়ের ক্ষুদ্রতম পৌর এলাকা কভিটসয়ের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে।

প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। টানেলের দুই প্রান্ত থেকে একযোগে খননকাজ চলছে। মাঝখানে দুই অংশের সংযোগস্থলে সর্বোচ্চ পাঁচ সেন্টিমিটারের বিচ্যুতি রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য লেজার স্ক্যানারের মাধ্যমে প্রতি সেকেন্ডে ২০ লাখ তথ্যবিন্দু সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য ব্যবহার করে টানেলের ডিজিটাল প্রতিরূপ তৈরি করা হচ্ছে এবং নকশার সঙ্গে মিলিয়ে নির্মাণকাজের নির্ভুলতা যাচাই করা হচ্ছে।

তবে প্রকল্পটির অন্যতম বড় চ্যালেঞ্জ পাথরের স্তর ভেদ করে লবণাক্ত পানি প্রবেশ ঠেকানো। পাশাপাশি দীর্ঘ টানেলের ভেতরে স্বাভাবিক বায়ু চলাচল নিশ্চিত করতে বিশেষ বায়ু চলাচলব্যবস্থা স্থাপন করা হবে। দুর্ঘটনা শনাক্ত ও নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে ক্যামেরা ও রাডার প্রযুক্তি।

রোগফাস্ট নরওয়ের প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ ই৩৯ উপকূলীয় মহাসড়ক আধুনিকায়ন প্রকল্পের অংশ। বর্তমানে এই মহাসড়ক দিয়ে পুরো পথ পাড়ি দিতে সাতটি ফেরি পার হতে হয় এবং সময় লাগে প্রায় ২১ ঘণ্টা। সেতু ও টানেল নির্মাণের মাধ্যমে যাতায়াতের সময় অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্প বাস্তবায়নে ২০৫০ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

জাপানের সেকান টানেল ও ইংলিশ চ্যানেলের টানেলের তুলনায় রোগফাস্ট সমুদ্রপৃষ্ঠের অনেক বেশি গভীরে নির্মিত হচ্ছে। তবে ওই দুটি টানেল রেল চলাচলের জন্য তৈরি হলেও রোগফাস্ট নির্মিত হচ্ছে সড়কযান চলাচলের উপযোগী করে। নির্মাণকাজ শেষ হলে এটি বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল হিসেবে নতুন রেকর্ড গড়বে।

সূত্র: সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর