বগুড়া নিউজ ২৪: দেশের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি নীতি সহায়তা দেওয়ার দাবি যৌক্তিক বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ বিষয়ে খুব শিগগির উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ও নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকরা অংশ নেন। নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকারের নীতিগত সহায়তা চান সম্পাদকরা।
বৈঠকে অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু অনলাইন সংবাদমাধ্যমগুলোর বিদ্যমান সমস্যা ও সমাধানের প্রস্তাব তুলে ধরেন। অনলাইন এডিটরস ফোরামের সদস্য সচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন এবং রাইজিংবিডি ডটকমের নির্বাহী সম্পাদক তাপস রায় বক্তব্য দেন।
ফোরামের লিখিত বক্তব্যে বলা হয়, নিবন্ধন দেওয়ার বাইরে অনলাইন নিউজ পোর্টালগুলোর জন্য সরকারের কার্যকর নীতিগত সহায়তা প্রায় নেই বললেই চলে। নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনতে একটি প্রজ্ঞাপন বা সরকারি আদেশ জারি করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা বাস্তবায়ন করতে পারবে। এতে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক দায় তৈরি হবে না। পরবর্তী সময়ে তথ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পেজভিউ, নিজস্ব কার্যালয়, জনবলসহ প্রয়োজনীয় সূচক বিবেচনায় বিজ্ঞাপন বণ্টনের পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে পারে। অন্তর্বর্তী সরকারের মিডিয়া কমিশনও এ বিষয়ে সুপারিশ করেছিল বলে তিনি উল্লেখ করেন।
আ.লীগের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্য
সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়।”
গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির অস্তিত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন,“রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, এরপরও তাদের শিক্ষা হয়নি।”
তিনি বলেন, “গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট কিংবা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি। এ কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে।”
দলটির সাংগঠনিক তৎপরতা নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “মনোযোগ সরাতেই তারা সহিংস কর্মকাণ্ড করছে। সহিংস আন্দোলনের মাধ্যমে ফিরে আসার চেষ্টা রাজনৈতিক পদক্ষেপ নয়।”
আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতির ক্ষতি তুলে ধরে আন্দালিব রহমান পার্থ বলেন, “আওয়ামী লীগ যে পরিমাণ ক্ষতি করে গেছে, তা জাতিকে বোঝানো সম্ভব হয়নি। দেশের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়েছে। ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এর দায় বর্তমান সরকারের না হলেও দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করতে হচ্ছে।”
তথ্যমন্ত্রী বলেন, “ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন।”
তার দাবি, “১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান দেশের যতটা ক্ষতি করেনি, আওয়ামী লীগ ১৭ বছরে তার চেয়ে বেশি ক্ষতি করেছে।”
ইতিবাচক পরিবর্তন গণমাধ্যমে তুলে ধরার আহ্বান
বৈঠকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সরকার দায়িত্ব গ্রহণের পর গত আট-নয় মাসে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি এসব ইতিবাচক পরিবর্তনও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
তিনি বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাসী। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং তা সমুন্নত রাখার জন্য সরকার কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও অবদান অপরিসীম। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা অব্যাহত রাখতে হবে।”
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, “রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে। গণমাধ্যম প্রতিনিধিদের কথা শোনা, তাদের সমস্যা ও দাবি-দাওয়া জানা এবং সেগুলো পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়াই এসব সভার উদ্দেশ্য।”
তিনি বলেন, “আমরা আপনাদের কথা শোনার জন্যই আজ আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের দাবি-দাওয়াগুলো আমরা লিপিবদ্ধ করেছি। আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই।”
অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও স্বীকৃতির বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, “অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন, স্বীকৃতি ও সুযোগ-সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কয়েক সপ্তাহ ধরে এ বিষয়ে পর্যালোচনা চলছে। অনলাইন সংবাদমাধ্যমগুলোকে কীভাবে নিবন্ধনের আওতায় আনা যায়, সে বিষয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা খোলামনে লিখবেন, তবে যা বাস্তব, তা-ই লিখবেন। সরকারের ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরবেন। এতে কোনো বাধা নেই। একইভাবে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের যেসব উদ্যোগ রয়েছে, সেগুলোও তুলে ধরবেন।”
তবে সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ প্রজ্ঞাপনের বিষয়বস্তু ও বিধিনিষেধের প্রতি গণমাধ্যমকে দায়িত্বশীল থাকতে হবে।”
দেশের স্থিতিশীলতা বিনষ্ট কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম ও প্রচার-প্রচারণা নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিদ্যমান আইন ও সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় রাখার কথা বলেন।
অনলাইন সংবাদমাধ্যমে দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতা নিয়েও সতর্ক করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “বিদেশের কোনো ঘটনা নিয়ে অনেক সময় এমন শিরোনাম দেওয়া হয়, যেখানে ঘটনার স্থান বা দেশের নাম স্পষ্ট থাকে না। এতে পাঠক বিভ্রান্ত হতে পারেন। এ ধরনের পরিস্থিতি এড়াতে সংবাদ ও শিরোনামে যথাযথ প্রেক্ষাপট উল্লেখ করতে হবে।”
ইয়াসের খান চৌধুরী বলেন, “বিগত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠান বন্ধ, সাংবাদিকদের হয়রানি, গুম ও হত্যার মতো ঘটনা গণমাধ্যমকর্মীদের মধ্যে ভীতি তৈরি করেছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় প্রয়োজন। তবে বর্তমান সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাস করে না।”
নিবন্ধন ছাড়া নিউজপোর্টাল পরিচালনা বন্ধের দাবি
বৈঠকে অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের সংখ্যা ২৮৩টি। আরো কয়েকশ আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, নিবন্ধন ছাড়াই শুধু ডোমেইন কিনে ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কয়েক হাজার ওয়েবসাইট নিজেদের অনলাইন নিউজ পোর্টাল হিসেবে পরিচালনা করছে।
সম্পাদকদের মতে, সাধারণ পাঠকের পক্ষে নিবন্ধিত ও অনিবন্ধিত প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য নির্ণয় করা প্রায় অসম্ভব। এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেই অনলাইন সংবাদমাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা প্রয়োজন। সরকার নির্ধারিত নিবন্ধন প্রক্রিয়ার বাইরে কোনো নিউজপোর্টাল পরিচালনার সুযোগ থাকা উচিত নয়। সংবাদপত্র, টেলিভিশন ও রেডিওর মতো অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রেও নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে। অন্তত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাওয়ার আগে কোনো পোর্টালের সংবাদ কার্যক্রম শুরু করার সুযোগ না রাখার প্রস্তাব দেন তারা।
নবায়ন ফি ও ঠিকানা পরিবর্তনের জটিলতা
অনলাইন এডিটরস ফোরাম জানায়, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে প্রতি বছর পাঁচ হাজার টাকা নবায়ন ফি দিতে হচ্ছে। অথচ অন্যান্য গণমাধ্যমের ক্ষেত্রে একবার লাইসেন্স বা অনুমোদন নেওয়ার পর নিয়মিত নবায়নের বাধ্যবাধকতা নেই। তাই অনলাইন গণমাধ্যমের বার্ষিক নবায়ন ও ফি বহাল রাখার যৌক্তিকতা পুনর্বিবেচনার দাবি জানান সম্পাদকরা। অন্তর্বর্তী সরকারের মিডিয়া কমিশনও নবায়ন প্রক্রিয়া ও লাইসেন্স ফি বাতিলের সুপারিশ করেছিল বলে তারা উল্লেখ করেন।
এছাড়া অনলাইন নিউজপোর্টালের কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়। সম্পাদকদের অভিযোগ, একটি সাধারণ ঠিকানা পরিবর্তনের আবেদন মন্ত্রী ও সচিব পর্যায় পর্যন্ত অনুমোদনের জন্য পাঠানো হয়। এ ক্ষেত্রে দুটি গোয়েন্দা সংস্থার মতামত নেওয়া এবং তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একাধিকবার ফাইল আদান-প্রদান করতে হয়। এতে দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়। এ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করার আহ্বান জানান তারা।
সম্পাদকরা বলেন, অনলাইন সাংবাদিকতা এখন আর প্রচলিত গণমাধ্যমের বিকল্প নয়; বরং মূলধারার গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত। প্রায় সব প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের অনলাইন সংস্করণ রয়েছে এবং এসব প্রতিষ্ঠানের আয়ের বিভিন্ন উৎস ও সরকারি পৃষ্ঠপোষকতাও আছে। কিন্তু শুধু অনলাইনভিত্তিক উদ্যোক্তারা আর্থিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে টিকে থাকার সংগ্রাম করছেন। করপোরেট সহায়তা পাওয়া হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল সীমিত আয় ও সামর্থ্য নিয়ে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাচ্ছে।
তাদের মতে, নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের জন্য সরকারি বিজ্ঞাপন, নবায়ন ফি পুনর্বিবেচনা, নিবন্ধনবহির্ভূত পোর্টাল নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হলে এ খাতে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ আরো সুসংহত হবে।