মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

খুলনা প্রতিনিধি: খুলনায় সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সোমবার (১৬ ডিসেম্বর) থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ টহল ও অভিযান শুরু হয়েছে। অভিযানে পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা রয়েছেন। সঙ্গে ম্যাজিস্ট্রেটও থাকছেন।

যৌথ বাহিনীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, কয়েক দিন ধরে পুলিশের আলাদা টহল চলছিল। তবে সোমবার সকাল থেকে সন্ত্রাস দমনে এসআরবি, বিজিবি, আনসার ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ টহল শুরু হয়েছে।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুলনার চিহ্নিত শীর্ষ অপরাধীদের একটি তালিকা দেওয়া হয়েছে। মূলত তাদের আইনের আওতায় আনার টার্গেট নিয়ে এ অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে আজম শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যত দিন প্রয়োজন যৌথ বাহিনীর বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

কেএমপি কমিশনার আরও জানান, কেসিসি’র নগর ভবনে পেট্রলবোমা হামলার ঘটনার পর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। এছাড়া নিরাপত্তা কার্যক্রমে অংশ নিতে বাইরে থেকে অতিরিক্ত ২০০ আনসার সদস্য আসার কথা রয়েছে। তবে তারা এখনো এসে পৌঁছাননি। জেলার নিরাপত্তার ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

এদিকে, খুলনা জেলা পুলিশের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে। জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে জেলার নয়টি থানার গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে।

অভিযান চলাকালে যানবাহনের কাগজপত্র যাচাই, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। এসব অভিযানে ইতিমধ্যে মাদক ও অনলাইন জুয়ায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর