বগুড়া নিউজ ২৪: দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছে সরকার। সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিক শেষে তফসিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ কোটি টাকা।
এদিকে দুর্বল আর্থিক অবস্থা ও পরিচালনাগত অদক্ষতার কারণে আটটি বীমা কোম্পানির বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের গত দেড় দশকের প্রকল্প, চুক্তি ও কার্যক্রম পর্যালোচনা করে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের আলোকে ৬১ কর্মকর্তা ও কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার।
সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব কথা জানিয়েছেন।
সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত পাঁচ বছরের তুলনামূলক চিত্রে দেখা যায়— ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে।
বিজ্ঞাপন
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা ওই সময়ে বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ। পরে ক্রমান্বয়ে এ চিত্রের অবনতি হয়। ২০২৬ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত পাঁচ বছরে ব্যাংক খাতের খেলাপি ঋণের এই পরিসংখ্যান দেশের অর্থনীতিতে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত পাঁচ বছরের খেলাপি ঋণের তুলনামূলক চিত্রে দেখা যায়, ২০২৪ সালে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ। পরের বছর, অর্থাৎ ২০২৫ সালে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা, যা মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ।
সর্বশেষ সেপ্টেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ। খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। এ ছাড়া ২০২২ সালে খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৬৪ এবং ২০২৩ সালে তা ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ।
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে যোগ্যতা ও প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সম্পূরক প্রশ্নে ব্যাংক খাতে অনিয়মের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে দায়ী করে বিভাগটি বিলুপ্ত করার বিষয়ে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নও জানতে চান তিনি। অর্থমন্ত্রী তার অভিযোগের বিষয়ে বললেন, শুধু ব্যবস্থাপনা পরিচালক নয়; ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদেও যোগ্য ব্যক্তিদের বেছে নেওয়া হচ্ছে।