সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

আ স ম আবদুর রব গুরুতর অসুস্থ

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: নানা জটিল রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রব। তাঁর অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন আ স ম আবদুর রব। এর আগে হৃদরোগজনিত সমস্যায় তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। ২০২৩ সালের মে মাসেও অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সে সময় তাঁর স্ত্রী তানিয়া রব জানিয়েছিলেন, হৃদরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল।

জানা গেছে, হৃদরোগ, ডায়াবেটিস, পারকিনসন ও ইউরোলজিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এই প্রবীণ রাজনীতিবিদ। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে দলের নিয়মিত সভা-সমাবেশ ও কর্মসূচিতে সরাসরি অংশ নিতে পারছিলেন না তিনি।

এর আগে উন্নত চিকিৎসার জন্য ২০২৫ সালের মে মাসের শেষ দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডের ব্যাংককে যান আ স ম আবদুর রব। সেখানে তাঁর অস্ত্রোপচার হয় বলে জানা গেছে। প্রায় দেড় মাস চিকিৎসা শেষে ১০ জুলাই দেশে ফেরেন তিনি।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা

আ স ম আবদুর রব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক। ১৯৭০-৭১ মেয়াদে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ছিলেন। ১৯৭১ সালের উত্তাল মার্চে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের ঐতিহাসিক ঘটনায় তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয়।

১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র-জনতার এক সমাবেশে বাংলাদেশের মানচিত্রখচিত স্বাধীনতার পতাকা উত্তোলন করেন তিনি। এ ঘটনা বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে প্রকাশ্যে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রতীকী ভূমিকা রাখে।

পরবর্তী সময়ে তিনি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা হিসেবে স্বাধীনতার আন্দোলনে ভূমিকা রাখেন। স্বাধীনতার পর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনের সঙ্গেও যুক্ত হন। পরবর্তীকালে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ।

স্বাধীনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রবীণ রাজনীতিবিদের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর নিজ এলাকার মানুষ ও রাজনৈতিক অঙ্গনের অনেকে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর