সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

ঘরের মাঠে লজ্জার হার মেসিদের, বিদায়ের আশঙ্কায় মায়ামি

প্রতিনিধির নাম / ৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: টানা দ্বিতীয়বার এমএলএস কাপ জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। প্লে-অফের প্রথম ম্যাচে ১০ জনের মায়ামিকে তাদেরই মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বাস ক্রু। কলম্বাসের হয়ে জোড়া গোল করেছেন চিলির জাতীয় দলের ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়া।

শনিবার (২১ নভেম্বর) ম্যাচে শুরু থেকেই মায়ামির রক্ষণে চাপ তৈরি করে কলম্বাস। ২৪ বছর বয়সী তাপিয়া ছিলেন দুর্দান্ত ছন্দে। শুরুতেই মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের ফাউলে পেনাল্টি আদায় করেন তিনি। পরে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন।

৩৬ মিনিটে আরও বড় বিপদে পড়ে মায়ামি। প্রতিপক্ষের স্টিফেন মোরেইরাকে লক্ষ্য করে বিপজ্জনক ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গঞ্জালো লুহান। ১০ জন নিয়ে খেলা মায়ামির জন্য ম্যাচে ফেরা আরও কঠিন হয়ে পড়ে।

অন্যদিকে কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্টে মায়ামির একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন। মেসির পরিচিত ফ্রি-কিক থেকেও দারুণ ডাইভ দিয়ে বল ঠেকান তিনি।

প্রথমার্ধের শেষ দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাপিয়ার মুখ লক্ষ্য করে থ্রো-ইন ছুড়ে দেওয়ার ঘটনায় মেসি লাল কার্ড থেকে বেঁচে যান বলে মনে করা হয়।

দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় কলম্বাস। ৫২ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে তাহা হারব্রুন গোল করেন। এরপর ৫৮ মিনিটে মায়ামির রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তাপিয়া।

শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এখন সিরিজে টিকে থাকতে হলে আগামী শুক্রবার কলম্বাসের মাঠে জিততেই হবে মেসিদের। ওই ম্যাচে হারলেই প্লে-অফ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে মেসিদের। আর মায়ামি জিতলে আগামী ২ ডিসেম্বর তাদের ঘরের মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর