শিরোনাম :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক বোমা বিস্ফোরণ

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দফায় দফায় শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণে প্রকম্পিত হয় পুরো এলাকা। শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

শুক্রবার রাতে উপজেলার মাছ বাজার গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মাছ বাজার গোলচত্বর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে যুবদল নেতা শামীম বেপারী ও হাসান মাতুব্বরের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরে দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় একের পর এক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। রাত ১১টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের পক্ষে তৌফিকুজ্জামান শাহীন, লোকমান সরদার, এমদাদুল সরদার, সোহেল রানা মিঠু, বাকামিন, শাহিন, সাহাবুদ্দিন ফকির ও শাহজালালসহ বেশ কয়েকজন নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে হামলা চালান।

তাদের আরও অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সংঘবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছেন। এতে এলাকায় নতুন করে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা তৈরি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেন, পুলিশের সামনে কীভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং আমাদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান, তা আমাদের বোধগম্য নয়। যারা বোমাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও জননিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ দেওয়া উচিত নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর