মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই: ট্রাম্প

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার প্রয়োজন নাও হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো সময় হামলা চালানোর জন্য মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধকে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধ বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক তৎপরতা কার্যকর হচ্ছে।

তার ভাষায়, ‘আমাদের দেশের ইতিহাসে, সম্ভবত বিশ্বের ইতিহাসেই এটি সবচেয়ে বড় নৌ অবরোধ। এর মধ্য দিয়ে কোনো কিছুই প্রবেশ করতে পারেনি। এর প্রভাব ইরানের ওপর ভয়াবহ।’

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে ‘চমৎকার আলোচনা’র পর এসব মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট

ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই মুহূর্তে সামরিক পদক্ষেপ নেওয়া খুব একটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে না। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।’

তিনি আরও দাবি করেন, সামরিক দিক থেকে ইরান কার্যত ‘শেষ হয়ে গেছে’। নৌ অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে ভবিষ্যতে কী ঘটবে, সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে যদি আবারও সামরিক অভিযানে ফিরতে হয়, তাহলে তাদের বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, এ বিষয়ে কোনো আপস করা হবে না।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ না হলেও স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম রয়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থার সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়ে প্রণালি দিয়ে ১৭০টি জাহাজ বাইরে গেছে এবং ১৫৫টি জাহাজ প্রবেশ করেছে। সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় ৬৫ শতাংশ কম।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাহাজগুলোর অধিকাংশই তাদের ট্রান্সপন্ডার চালু রেখে ইরানের উত্তর দিকের রুট ব্যবহার করছে।

জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি) জানিয়েছে, স্বাধীনভাবে সংগৃহীত জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, প্রতিদিন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পারাপারের সংখ্যা এক অঙ্ক থেকে দুই অঙ্কের ঘরে রয়েছে।

অন্যদিকে, মার্কিন নৌবাহিনীর জাহাজ চলাচল সমন্বয়সংক্রান্ত তথ্য অনুযায়ী, ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন প্রায় ৩০টি জাহাজ যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রণালিটি অতিক্রম করেছে। তবে মার্কিন কর্তৃপক্ষের দেওয়া সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয় বলে সতর্ক করেছে ইউকেএমটিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর