মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

৫১১ উদ্যোক্তার মাঝে বিসিকের ১৪ কোটি টাকা ঋণ বিতরণ

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে ৫১১ জন উদ্যোক্তার মাঝে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। আজ সোমবার ঢাকায় বিসিক ভবন মিলনায়তনে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) অবদান আরো বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। আয় বৈষম্য কমানো, সুষম অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে এ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিসিক ও এসএমই খাতকে আরো শক্তিশালী করার মাধ্যমে দেশব্যাপী উদ্যোক্তা সৃষ্টি ও বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এসব মানুষের কর্মসংস্থান কেবল বৃহৎ শিল্প কিংবা তথ্যপ্রযুক্তি খাতের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন মন্ত্রী। বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। একজন উদ্যোক্তা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরো বহু মানুষের জীবিকার ব্যবস্থা করতে পারেন। এর মাধ্যমে বহু পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান বর্তমানে প্রায় এক-চতুর্থাংশ। এ অবদান আরো বাড়িয়ে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করতে হবে। এতে অর্থনীতিতে আয়ের সুষম প্রবাহ নিশ্চিত হবে এবং অর্থনৈতিক বৈষম্য কমবে।

ঋণ কার্যক্রম প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে জেলা পর্যায়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়ে থাকে এবং জামানতবিহীন ঋণের সীমা দুই লাখ টাকা পর্যন্ত। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ ঋণের পরিমাণ আরো বাড়ানোর সুযোগ রয়েছে।

বিষয়টি পর্যালোচনা করে জামানতবিহীন ঋণের সীমা বৃদ্ধি এবং বিসিকের ঋণ অনুমোদনের ক্ষমতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
এ ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি, যা ঋণগ্রহীতাদের ইতিবাচক ভূমিকার পরিচয় বহন করে বলে জানান মন্ত্রী।

শিল্পমন্ত্রী বলেন, বিসিক ও এসএমই ফাউন্ডেশনের সমন্বয়ে দেশব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি ইউরোপীয় ও চীনা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার মাধ্যমে তাদের অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা এবং প্রয়োজনে ঋণ সহায়তা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর