চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ধোবড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও পুলিশের সদস্যরা।
অভিযান শেষে ৫৯ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক আমিনুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, একই সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের চলতি বছরের প্রথম ১০ মাসের অভিযানের সাফল্যের তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়নগুলো বিভিন্ন অভিযান চালিয়ে মোট ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে। একই সময়ে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬১৫ জনকে আটক করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।