ফরিদপুর, ২৭ অক্টোবর, ২০২৬ : জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৮ জন রোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে পাঁচজন। এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সোমবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ১১ জন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন এবং মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ডায়াবেটিস হাসপাতালে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৬০২ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫১৮ জন। ডেঙ্গুতে মারা গেছেন ৯ জন।
এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান বাসসকে বলেন, প্রত্যেকের বাড়ির আশপাশে আঙিনায় ডাবের খোসা, খালি বোতল অথবা যেন কোথাও কোনো পানি জমে না থাকে।
তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া জ্বর, শরীর ব্যথা হলে বা ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।