বগুড়া নিউজ: আগামী দুই বছরের মধ্যে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন এবং স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এ লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ, ৪১ হাজার ৩৯০ জন নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং হাসপাতালগুলোতে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত ‘মেডিকেল ফিজিক্স’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের পরিকল্পনা
স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে দেশের স্বাস্থ্যব্যবস্থার চেহারা পুরোপুরি বদলে যাবে। আগামী দুই বছরের মধ্যে এ খাতকে আধুনিক ও নতুন রূপ দেওয়া হবে।
তিনি জানান, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উপজেলা পর্যায়ে আধুনিক হাসপাতাল নির্মাণ, নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং চিকিৎসা সরঞ্জাম সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিগত সরকারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ
বিগত সরকারের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের স্বাস্থ্য খাতকে লাগামহীন লুটপাট ও ব্যক্তিস্বার্থে অর্থ উপার্জনের ক্ষেত্রে পরিণত করা হয়েছিল।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গত সাত মাসে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করা হয়েছে।
ক্যানসার চিকিৎসা ও নার্স নিয়োগে গুরুত্ব
ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসাসেবা জেলা পর্যায়ে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, জেলা পর্যায়ে রেডিওথেরাপি সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্তন ক্যানসার ও যক্ষ্মা প্রতিরোধে দেশব্যাপী সচেতনতা বাড়ানোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য খাতে জনবলসংকট নিরসনে শিগগিরই সারা দেশে আড়াই হাজার দক্ষ নার্স নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।