বগুড়া নিউজ ২৪: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এনসিপির আহ্বায়কের বরাবর এ নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্যটি প্রত্যাহার করতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৩০ অক্টোবর সন্ধ্যার পর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রকাশিত নাহিদ ইসলামের একটি বক্তব্য আইনজীবীর দৃষ্টিগোচর হয়েছে। বক্তব্যটি ছিল, ‘চাঁদাবাজি, লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই।’ নোটিশদাতা জানিয়েছেন, এ বক্তব্যে তিনি বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ। তার ভাষ্য, এটি অমার্জনীয়। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ঈর্ষান্বিত হয়ে অবাস্তব ও কাল্পনিক মন্তব্য করার মাধ্যমে নাহিদ ইসলাম নিজেকে ছোট ও অপরিপক্ব রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রজ্ঞাহীন ব্যক্তি হিসেবে পরিচিত করেছেন।
নোটিশে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপের মতো পদে থাকা কোনো ব্যক্তির কাছ থেকে এমন অগ্রহণযোগ্য, কাল্পনিক, অজ্ঞ, জ্ঞানহীন ও রাজনৈতিক অপ্রজ্ঞার বক্তব্য জাতি কখনো আশা করেনি। এ বক্তব্যের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে।
নোটিশ হাতে পাওয়ার দশ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। এর অন্যথা হলে নাহিদ ইসলামের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।