শিরোনাম :
অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বিভাগীয় কমিশনার পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি করবে সরকার নতুন বোলিং প্রতিভা বিয়ার্ডম্যানকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না: ছাত্রদলের আবিদুল জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে শতভাগ একমত জামায়াত : বিরোধী দলীয় নেতা বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

জুলাই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হবে : মীর শাহে আলম

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ষ্টাফ রিপোর্টার: যে আইন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নিজেরাই তৈরি করেছিল, আজ সেই আইনেই তাদের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতেই নিশ্চিত করা হবে। এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার হোটেল মম ইন-এ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার সংক্রান্ত আইনটি আওয়ামী লীগ সরকারের আমলেই প্রণীত হয়েছিল। সেই আইনের ৪৭ (এ) অনুচ্ছেদে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সাধারণ নাগরিকের মতো কিছু সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধের কথা উল্লেখ রয়েছে। ফলে নিজেদের তৈরি আইনের বিধানের মধ্যেই এখন তারা আটকে পড়েছে।

রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং পলাতক ব্যক্তিদের দেশে ফেরার বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পাসপোর্ট দেওয়া হচ্ছে কিংবা অমুক ব্যক্তি দেশে ফিরছেন এ ধরনের গুঞ্জননির্ভর সংবাদ পরিবেশনের আগে তথ্য যাচাই গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদের প্রশ্নে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।

স্থানীয় সরকারব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিদ্যমান স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি স্তরের পাশাপাশি ‘স্বনির্ভর গ্রাম সরকার’ ব্যবস্থা পুনঃপ্রবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে প্রথম গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০০৩ সালে বেগম খালেদা জিয়ার সরকার স্বনির্ভর গ্রাম সরকার আইন প্রণয়ন করে। তবে ২০০৯ সালে আইনটি বাতিল করা হয়। নতুন করে এই ব্যবস্থা চালু করা সম্ভব হলে গ্রামের ছোটখাটো বিরোধ ও সমস্যাগুলো স্থানীয় পর্যায়েই নিষ্পত্তি করা সহজ হবে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচটি সম্ভাব্য ধাপে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সম্ভাব্য সূচি অনুযায়ী, প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২১ জানুয়ারি হতে পারে। দ্বিতীয় ধাপের নির্বাচন হতে পারে ৪ অথবা ৬ ফেব্রুয়ারি। রমজান, ঈদ ও পাবলিক পরীক্ষা শেষে এপ্রিল ও মে মাসের ২৭ তারিখের মধ্যে বাকি ধাপগুলোর নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তিদের স্মরণ করে প্রতিমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে জীবিত ও মরণোত্তর সম্মাননাপ্রাপ্তদের ১৩টি পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন। এ খাতে মোট অনুদানের পরিমাণ ৬ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির চিকিৎসা তহবিল গঠনের জন্য আরও এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন তিনি।

বগুড়া প্রেসক্লাবের ঐক্য ও সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতির প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় একাধিক প্রেসক্লাব থাকলেও বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের নেতৃত্বে এখানকার প্রেসক্লাব ঐক্যবদ্ধ রয়েছে। এটি প্রশংসনীয় দৃষ্টান্ত। এ সময় ‘উত্তরবঙ্গ’ শব্দের পরিবর্তে ‘উত্তর অঞ্চল’ শব্দটি ব্যবহারের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বগুড়ার সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্য ও অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন। বিষয়টি বাস্তবায়নের জন্য প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বগুড়ার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বাসস পরিচালনা বোর্ডের সদস্য মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ১৪ জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। তাঁদের মধ্যে আটজনকে মরণোত্তর এবং ছয়জনকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

মরণোত্তর সম্মাননা পেয়েছেন আমানুল্লাহ খান, জাহিদুর রহমান জাদু, খন্দকার আব্দুর রহিম, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লিমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মহন্ত শানু ও ইকবাল মুর্শেদ রিপন। আজীবন সম্মাননা পেয়েছেন প্রয়াত মশিউর রহমান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদী, চপল কান্তি সাহা ও আতিকুর রহমান রুমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর