বগুড়া নিউজ ২৪: দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি দেশটির সরকার ও জাতিসংঘের শান্তিরক্ষীরা। বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদান ২০১১ সালে স্বাধীনতা লাভের পর থেকেই গৃহযুদ্ধ, দারিদ্র্য, দুর্নীতি ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় জর্জরিত।
নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গত ১ মার্চ সুদানের সীমান্তবর্তী আবিয়েমনম কাউন্টিতে নুয়ের জাতিগোষ্ঠীর অন্তত এক হাজার সশস্ত্র ব্যক্তি চার ঘণ্টাব্যাপী হামলা চালায়। এতে শিশুসহ ২০০ জনের বেশি মানুষ নিহত এবং বিপুল সংখ্যক মানুষ আহত হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পূর্ব ও দক্ষিণ আফ্রিকাবিষয়ক আঞ্চলিক পরিচালক টিগেরে চাগুতাহ বলেন, ‘২০২০ সালের পর থেকে দক্ষিণ সুদানে নথিভুক্ত সবচেয়ে বড় গণহত্যার ঘটনাগুলোর একটি এটি।’
মানবাধিকার সংস্থাটির তদন্তে দেখা গেছে, দক্ষিণ সুদানের কর্তৃপক্ষ এবং দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউএনএমআইএসএস) হামলার অন্তত দুই সপ্তাহ আগেই এ বিষয়ে সতর্কবার্তা পেয়েছিল। কাছের একটি সম্প্রদায়ের লোকজন আগের একটি হামলার প্রতিশোধ নিতে অস্ত্র ও যোদ্ধা জড়ো করছে বলে তাদের জানানো হয়েছিল।
অ্যামনেস্টি জানায়, ইউএনএমআইএসএস স্বীকার করেছে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। হামলার আগের ৪৮ ঘণ্টায় আবিয়েমনমের উপকণ্ঠে তাদের অস্থায়ী ঘাঁটিতে আশ্রয় নিয়েছিলেন প্রায় এক হাজার মানুষ।
চাগুতাহ বলেন, ‘সরকার ও ইউএনএমআইএসএস—উভয়ের কাছেই আরও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট তথ্য ও সময় ছিল। কিন্তু তারা আরও জোরালো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর মূল্য দিতে হয়েছে মানুষের জীবন দিয়ে।’
ইউএনএমআইএসএস ঘাঁটির পেছনের ফটকের বাইরেও সাতজন নিহত হয়। হামলা থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দারা সেখানে আশ্রয় নিতে গিয়েছিলেন।
স্থানীয় একজন জনপ্রতিনিধি অ্যামনেস্টিকে বলেন, ‘সকালে শহরের বাসিন্দারা ইউএনএমআইএসএসের ঘাঁটিতে আশ্রয় নিতে যাওয়ার চেষ্টা করলে সেখানে নুয়ের গোষ্ঠীর লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা তাদের লক্ষ্য করে গুলি চালায়।’
অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি-
অ্যামনেস্টিকে প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মানুষের বাড়িঘর ও আঙিনায় গুলি চালায়। পালিয়ে যাওয়ার চেষ্টা করা এবং আশ্রয় নেওয়া লোকজনের ওপরও হামলা চালানো হয়। কয়েকজনকে আটক করার পর কিংবা আহত অবস্থায় কাছ থেকে গুলি করা হয়।
হামলা থেকে বেঁচে যাওয়া ২০ বছর বয়সী এক ব্যক্তি বলেন, ‘তারা আমার চাচাতো ভাইকে বিছানার নিচ থেকে টেনে বের করে মাথায় গুলি করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।’
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাড়িঘর ও বাজারে আগুন ধরিয়ে দেয়। লুটপাটের পাশাপাশি স্থানীয় হাসপাতালের একাংশ তছনছ করে চিকিৎসা সামগ্রী ও বিছানাপত্র চুরি করে নিয়ে যায়।
নিহতদের অধিকাংশের মরদেহ শহরের উপকণ্ঠে দুটি গণকবরে দাফন করা হয়।
অ্যামনেস্টির পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, আগুনে ২৩০টির বেশি স্থাপনা পুড়ে ধ্বংস হয়েছে।
এ গণহত্যার কারণে আবিয়েমনমের পুরো জনসংখ্যাকে শহর ছেড়ে পালাতে বাধ্য হতে হয়।
অ্যামনেস্টি বলেছে, এ হামলার তদন্ত শুরু করতে হবে দক্ষিণ সুদান সরকার ও ইউএনএমআইএসএসকে। একই সঙ্গে দায়ীদের অপরাধের জন্য আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
চাগুতাহ বলেন, ‘আবিয়েমনমের বেঁচে যাওয়া মানুষগুলোর সত্য জানা, ন্যায়বিচার পাওয়া এবং এ ধরনের মর্মান্তিক ঘটনা আর কখনো ঘটবে না—এমন নিশ্চয়তা পাওয়ার অধিকার রয়েছে।’