সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪:বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি। ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে দীপিকার পরা একটি বিশেষ নেকলেসে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নতুন করে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দীপিকা পাড়ুকোন। ওই অনুষ্ঠানে তার সাজে ছিল ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা জমকালো পোশাক ও গয়না। এর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছিল ‘লখনউ রোজ’ নামের একটি মহারানি নেকলেস।

মূল্যবান রত্ন ও আনকাট হিরায় তৈরি নেকলেসটিতে খোদাই করা ছিল আরবি বাক্য ‘ফি আমানিল্লাহ’। এর অর্থ ‘আল্লাহর হেফাজতে’ বা ‘আল্লাহর নিরাপত্তায়’। সব্যসাচির ‘ট্রপিক অব কলকাতা’ কালেকশনের অংশ ছিল এই বিশেষ গয়নাটি। ভারতীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে তৈরি নেকলেসটি দীপিকার সাজে যোগ করেছিল ভিন্ন মাত্রা।

তবে এতদিন খুব একটা আলোচনায় না এলেও করিনা কাপুর খানকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর নতুন করে ভাইরাল হয়েছে দীপিকার সেই ছবি।

২০২৬ সালের দীপাবলিতে ৩০ ক্যারেটের একটি পান্নার পেনডেন্ট পরতে দেখা যায় করিনা কাপুর খানকে। পেনডেন্টটিতে খোদাই করা ছিল পবিত্র কোরআনের আয়াতুল কুরসি। ডিজাইনার পুনিত বালানার তৈরি রুপালি গোটা পট্টির কাজ করা পোশাক ও বেইজ রঙের পাগড়ির সঙ্গে গয়নাটি পরেছিলেন অভিনেত্রী।

করিনার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, গয়নাটি ভোপালের রাজপরিবারের সংগ্রহের অংশ এবং তাদের রাজকীয় ভান্ডার থেকেই এটি নেওয়া হয়েছিল।

তবে গয়নাটিতে পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি ওঠে। এ নিয়ে গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে করিনা কাপুর খান ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।

নোটিশে অভিযোগ করা হয়, ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পবিত্র কোরআনের আয়াত ব্যবহার ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে নেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের মর্যাদা রক্ষার নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়।

অন্যদিকে, বিতর্কের মধ্যে করিনার সমর্থনে অবস্থান নিয়েছে ভোপালের কয়েকটি সংগঠন। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চের পক্ষ থেকে অভিনেত্রীকে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করা হয়েছে বলে জানা গেছে।

এখন পর্যন্ত এ বিষয়ে করিনা কাপুর খান কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: সিয়াসাত ডেইলি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর