বগুড়া নিউজ ২৪: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ৩ নভেম্বর সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরাইলকে আর কোনো সহায়তা দেওয়া হবে না। এটি ছিল এমন একটি ঘোষণা, যা সবাইকে চমকে দিয়েছিল। তিনি ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, ‘নেতানিয়াহু এবং আমি একটি চুক্তি করেছিলাম, যার আওতায় আমরা ইসরাইলকে বছরে চার বিলিয়ন মার্কিন ডলার দিতাম। তবে কয়েক মাস আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এই সহায়তা বন্ধ করে দেওয়া হবে।’ এরপর তিনি আপাতদৃষ্টিতে পরস্পরবিরোধী দুটি কথা বলেনÑ‘আমরা ইসরাইলকে আর অর্থ দেব না’ এবং ‘তবে ইসরাইলের প্রয়োজনে আমরা তাদের সাহায্য করব।’
যারা দীর্ঘদিন ধরে ইসরাইলে মার্কিন অর্থায়নের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছেন, ট্রাম্পের এই ঘোষণায় তাদের মধ্যে তেমন কোনো উচ্ছ্বাস দেখা যায়নি। এর পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, ট্রাম্পের প্রতিশ্রুতিকে খুব কম মানুষই বিশ্বাস করেন বা গুরুত্বের সঙ্গে নেন। দ্বিতীয়ত, তার এই মন্তব্যকে অনেকেই নির্বাচনের বিপর্যয়কর ফলাফল ঠেকানোর একটি মরিয়া চেষ্টা হিসেবে দেখেছেন।
নির্বাচনের চূড়ান্ত ফলাফলে রিপাবলিকান পার্টি তাদের ইতিহাসের অন্যতম অপমানজনক পরাজয়ের মুখোমুখি হয়। ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদÑউভয় কক্ষেই বড় ব্যবধানে জিতেছে। নির্বাচনে এই বিপর্যয়ের পর রিপাবলিকানরা দ্রুতই ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেন। এমনকি ট্রাম্প নিজেও একপর্যায়ে স্বীকার করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ নির্বাচনে তাদের পরাজয়ের পেছনে একটি কারণ ছিল। এটি ছিল ট্রাম্পের বেশ অস্বাভাবিক একটি স্বীকারোক্তি।
এরপর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স নির্বাচনের পরদিন ৪ নভেম্বর এক টুইট বার্তায় বলেছেন, ‘আমরা মধ্যবর্তী নির্বাচনে হেরেছি ইরান যুদ্ধের কারণে।’ তিনি রিপাবলিকান দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে আরো বলেন, ‘ইসরাইলের সঙ্গে আমাদের সম্পর্কের ধরন পরিবর্তন করতে হবে।’ ইসরাইলের নাম উল্লেখ করার কারণে নিজ দলের ভেতরেই সমালোচনার মুখে পড়েন ভ্যান্স, তবু এটি স্পষ্ট হয়ে ওঠে, ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের শর্তহীন সমর্থন এখন রিপাবলিকানদের জন্য একটি বড় রাজনৈতিক দায় বা বোঝা হয়ে দাঁড়িয়েছে। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়। এই নির্বাচনেও ইসরাইল ইস্যু ভোটারদের মধ্যে বড় প্রভাব ফেলতে পারে।