বগুড়া নিউজ ২৪: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারে ফরিদপুরে আনসার বাহিনীর পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে আনসার সদস্যরা শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে একত্রিত হন। পরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা।
ফরিদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ জানান, আনসার বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্থাপনাগুলোতে সদস্য মোতায়েন করা হয়েছে।
এসব এলাকার মধ্যে রয়েছে ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ি রাস্তার মোড়, মুন্সি বাজার পয়েন্ট, তালমা পয়েন্ট, সদরপুর ও চরভদ্রাসন। এ ছাড়া শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালত চত্বরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাতেও দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা।
জেলা কমান্ডার আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন।