শীতের রাতে লেপ-কম্বলের উষ্ণতার মধ্যেও অনেকের পা ঠান্ডা থাকে। কারও কারও ক্ষেত্রে পায়ের এই অস্বস্তি ঘুমের ব্যাঘাত ঘটায়। তাই ঘুমানোর আগে মোজা পরে নেওয়া অনেকের অভ্যাস। এতে পা উষ্ণ থাকে, ঘুম আসতেও সুবিধা হয় বলে মনে করেন অনেকে। তবে মোজা পরে ঘুমানো কি সত্যিই স্বাস্থ্যের জন্য ভালো? নাকি এতে রয়েছে কোনো ঝুঁকি?
স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্যের আলোকে দেখা যায়, শীতের রাতে মোজা পরে ঘুমানোর কিছু উপকারিতা থাকলেও তা সবার জন্য সমানভাবে উপযোগী নয়। মোজার ধরন, পায়ের স্বাস্থ্য এবং ঘরের তাপমাত্রার ওপরও বিষয়টি নির্ভর করে।
ঘুম আসতে সহায়তা করতে পারে
ঘুমানোর আগে পা উষ্ণ রাখা শরীরের স্বাভাবিক ঘুমের প্রক্রিয়ায় সহায়তা করতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি হেলথের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘুমের আগে হাত-পায়ের রক্তনালি প্রসারিত হওয়ার প্রক্রিয়া শরীরের কেন্দ্রীয় তাপমাত্রা কমাতে ভূমিকা রাখে। আর ঘুম আসার জন্য শরীরের এই তাপমাত্রা কমে আসা প্রয়োজন। পা উষ্ণ থাকলে শরীরের স্বাভাবিক এই প্রক্রিয়া সহজ হতে পারে।
প্রতিবেদনটিতে ২০২৫ সালেজার্নাল অব স্পোর্টস মেডিসিন অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস-এ প্রকাশিত একটি গবেষণার উল্লেখ করে বলা হয়েছে, ঘুমানোর আগে পা উষ্ণ রাখলে রক্তনালি প্রসারিত হতে পারে এবং প্রাপ্তবয়স্কদের দ্রুত ঘুম আসতে সহায়তা করতে পারে। সে হিসেবে শীতের রাতে আরামদায়ক মোজা পা উষ্ণ রাখতে সাহায্য করতে পারে।
ঘুমের মান ভালো রাখতে পারে
শুধু দ্রুত ঘুম আসাই নয়, ঘুমের মানের সঙ্গেও পায়ের উষ্ণতার সম্পর্ক রয়েছে। এনডিটিভি হেলথের প্রতিবেদনে ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের বরাত দিয়ে বলা হয়েছে, শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত-পা উষ্ণ থাকলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রক্রিয়া সহায়তা পেতে পারে। এতে ঘুমের চক্র স্থিতিশীল থাকতে পারে। বিশেষ করে শীতের রাতে পা ঠান্ডা থাকার কারণে যাদের ঘুমে সমস্যা হয়, তাদের জন্য মোজা উপকারী হতে পারে।
রক্ত সঞ্চালনে সহায়ক হতে পারে
ঠান্ডা আবহাওয়ায় শরীরের রক্তনালিগুলো সংকুচিত হতে পারে। এতে হাত-পায়ের রক্ত সঞ্চালন কমে যাওয়ার পাশাপাশি অসাড়তা, ঝিনঝিন ভাব কিংবা রাতে পেশিতে টান লাগার মতো অস্বস্তি দেখা দিতে পারে।
এনডিটিভি হেলথের প্রতিবেদনে ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য উল্লেখ করে বলা হয়েছে, মোজা পা উষ্ণ রাখতে সাহায্য করে। ফলে ঠান্ডার কারণে রক্তনালি সংকুচিত হওয়ার প্রবণতা কমতে পারে।
রেনোডস রোগে উপকার হতে পারে
রেনোডস রোগে আক্রান্ত ব্যক্তিদের ঠান্ডার কারণে হাত ও পায়ের আঙুলে রক্ত সঞ্চালন সাময়িকভাবে কমে যেতে পারে। এ সময় আঙুল অবশ হয়ে যাওয়া বা সাদা হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। এনডিটিভি হেলথের প্রতিবেদনে বলা হয়েছে, রাতে উষ্ণ মোজা পরলে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ার কারণে এ ধরনের সমস্যা শুরু হওয়ার ঝুঁকি কমাতে সহায়তা হতে পারে।
পায়ের গোড়ালি ফাটা প্রতিরোধে ভূমিকা
শীতকালে পায়ের ত্বক শুষ্ক হয়ে গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এনডিটিভি হেলথের প্রতিবেদনে বলা হয়েছে, তুলা বা উলের মোজা পায়ের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। ময়েশ্চারাইজার ব্যবহারের পর মোজা পরলে ত্বকের শুষ্কতা, গোড়ালি ফাটা ও জ্বালাপোড়া কমাতে ভূমিকা রাখতে পারে।
মোজা পরে ঘুমানোর অসুবিধাও আছে
শীতের রাতে মোজা পরে ঘুমানোর কিছু সুবিধা থাকলেও কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি। ঘরের তাপমাত্রা বেশি হলে কিংবা স্বাভাবিকভাবেই যাদের শরীর বেশি গরম থাকে, তাদের ক্ষেত্রে মোজা অতিরিক্ত তাপ আটকে রাখতে পারে। এতে রাতে ঘাম হতে পারে এবং ঘুমের স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে।
এ ছাড়া আঁটসাঁট, কৃত্রিম তন্তুর তৈরি বা অপরিষ্কার মোজা পায়ে আর্দ্রতা আটকে রাখতে পারে। এতে ছত্রাক ও ব্যাকটেরিয়া বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়। বিশেষ করে পায়ে ঘাম বেশি হলে কিংবা আগে থেকেই ছত্রাকজনিত সংক্রমণ থাকলে এ ধরনের মোজা সমস্যা বাড়াতে পারে। এনডিটিভি হেলথের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য উল্লেখ করে উষ্ণ ও আর্দ্র পরিবেশে ছত্রাক বৃদ্ধির ঝুঁকির কথা বলা হয়েছে।
আঁটসাঁট মোজা এড়িয়ে চলুন
ঘুমানোর সময় মোজা খুব বেশি আঁটসাঁট হলে রক্ত সঞ্চালনে বাধা তৈরি হতে পারে। বিশেষ করে ডায়াবেটিস, পেরিফেরাল আর্টারি ডিজিজ বা স্নায়ুর সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের এ বিষয়ে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। এনডিটিভি হেলথের প্রতিবেদনে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের পরামর্শ উল্লেখ করে ঢিলেঢালা ও বাতাস চলাচল করতে পারে এমন মোজা ব্যবহারের কথা বলা হয়েছে।
কিছু মানুষের ক্ষেত্রে মোজার কাপড় বা ধোয়ার ডিটারজেন্ট থেকেও ত্বকে অ্যালার্জি কিংবা জ্বালাপোড়া হতে পারে। তাই সংবেদনশীল ত্বকের অধিকারীদের মোজার উপাদান নির্বাচনে সতর্ক থাকা প্রয়োজন।
ঘুমানোর সময় কেমন মোজা পরবেন
ঘুমানোর সময় মোজা পরতে চাইলে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি। এনডিটিভি হেলথের প্রতিবেদনে এ বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে।
১. তুলা, বাঁশের তন্তু বা উলের মতো আরামদায়ক ও বাতাস চলাচল উপযোগী কাপড়ের মোজা বেছে নিন।
২. খুব আঁটসাঁট ইলাস্টিকযুক্ত মোজা বা চিকিৎসকের পরামর্শ ছাড়া কমপ্রেশন মোজা পরে ঘুমানো এড়িয়ে চলুন।
৩. মোজা পরার আগে পা পরিষ্কার ও শুকনো রাখুন।
৪. পায়ের শুষ্কতা কমাতে প্রয়োজনমতো অল্প ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
৫. প্রতিদিন পরিষ্কার মোজা পরুন। বাইরে ব্যবহার করা মোজা পরে ঘুমাবেন না।
৬. ঘরের তাপমাত্রা আরামদায়ক ও শীতল রাখুন। মোজার উদ্দেশ্য পা উষ্ণ রাখা, শরীর অতিরিক্ত গরম করে ফেলা নয়।
কারা মোজা পরে ঘুমানোর বিষয়ে সতর্ক থাকবেন
পায়ে ছত্রাকজনিত সংক্রমণ, অতিরিক্ত ঘাম, একজিমার সমস্যা কিংবা স্নায়ুর অনুভূতি কমে যাওয়ার সমস্যা থাকলে রাতে মোজা পরার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে স্নায়ুর সমস্যায় পায়ের তাপমাত্রা বা অস্বস্তি ঠিকভাবে অনুভব করা কঠিন হতে পারে। ফলে অতিরিক্ত গরম বা ত্বকের সমস্যা সহজে বোঝা যায় না।
ডায়াবেটিস বা রক্তনালিসংক্রান্ত রোগে আক্রান্ত ব্যক্তিদের উষ্ণ রাখার পদ্ধতি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানিয়েছে এনডিটিভি হেলথ।
সবার জন্য একই পরামর্শ নয়
শীতের রাতে মোজা পরে ঘুমানো একদিকে যেমন পা উষ্ণ রাখতে এবং ঘুমের প্রক্রিয়ায় সহায়তা করতে পারে, অন্যদিকে ভুল ধরনের মোজা ব্যবহার করলে অস্বস্তি বা ত্বকের সমস্যা দেখা দিতে পারে। তাই এটি সবার জন্য ভালো কিংবা সবার জন্য খারাপ, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। যাদের পা ঠান্ডা থাকে এবং মোজা পরে স্বস্তি বোধ করেন, তারা পরিষ্কার, ঢিলেঢালা ও আরামদায়ক মোজা ব্যবহার করতে পারেন। তবে পায়ে ঘাম, সংক্রমণ বা অন্য কোনো সমস্যা থাকলে মোজা পরার বিষয়ে সতর্ক থাকা জরুরি।