বগুড়া নিউজ ২৪: সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও পতিত ফ্যাসিবাদী শক্তির যেকোনো চক্রান্ত রুখে দিতে ইস্পাত কঠিন জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী শতভাগ একমত বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা অপরিহার্য।
ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের শেষাংশে জাতীয় ঐক্যের একটি চমৎকার ও ইতিবাচক আহ্বান জানিয়েছেন। আমরা তার এই আহ্বানের সঙ্গে শতভাগ একমত পোষণ করছি। আমরাও বিশ্বাস করি, কোনো প্রকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন নয়; বরং চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় চেতনার সৃষ্টি হয়েছিল, তাকে সমুন্নত রাখাই আমাদের প্রধান দায়িত্ব।
জামায়াত আমির আরও বলেন, কোনো পরাশক্তি বা প্রতিবেশী দেশের খবরদারি মেনে নিয়ে নয়, বরং একটি স্বাধীন-সার্বভৌম জাতি হিসেবে বাংলাদেশকে আত্মমর্যাদার সঙ্গে গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজন সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক ও সামাজিক শক্তির পারস্পরিক শ্রদ্ধা এবং ইস্পাতকঠিন ঐক্য।
অতীতে জামায়াত কখনো কোনো ফ্যাসিবাদ বা স্বৈরশাসনের সঙ্গে আপস করেনি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, পারস্পরিক দোষারোপ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জাতীয় স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সীমান্তে আগ্রাসন রুখে দেওয়া এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যই একমাত্র রক্ষাকবচ।
বক্তব্যের ইতি টানতে গিয়ে জামায়াত আমির আশা প্রকাশ করেন, সংসদকে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গায় রেখে এবং গণঅভ্যুত্থানের স্পিরিট (চেতনা) ধরে রেখে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।