বগুড়া নিউজ ২৪: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, সহিংসতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে নগরীর খালিশপুরে মোটরসাইকেল মহড়া ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল খালিশপুর থানা শাখা।
রোববার বিকেলে খালিশপুর প্লাটিনাম জুট মিল গেট থেকে মহড়া শুরু হয়।
খালিশপুর থানা যুবদলের আহ্বাহবায়ক প্রার্থী নাজমুল হোসেন বাবু’র নেতৃত্বে বের হওয়া মোটরসাইকেল মহড়া নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্লাটিনাম জুট মিল গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন খালিশপুর থানা যুবদলের আহ্বায়ক প্রার্থী নাজমুল হোসেন বাবু। এসময় তিনি বলেন, খালিশপুরের মাটিতে কোনো নাশকতাকারীকে দাঁড়াতে দেওয়া হবে না। যারা আড়ালে থেকে আগুন-সন্ত্রাস করে মানুষের জানমালের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে যুবদল রাজপথে ছিল, আছে, থাকবে। আমরা কোনো ভাঙচুরে বিশ্বাস করি না, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করবো। কিন্তু কেউ যদি খালিশপুরে অশান্তি সৃষ্টি করতে আসে, তাহলে সাধারণ মানুষকে সাথে নিয়ে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে। প্রতিটি মহল্লায়, প্রতিটি মোড়ে যুবদলের কর্মীরা পাহারায় থাকবে, যাতে কেউ নাশকতা করে খালিশপুরের শান্তি নষ্ট করতে না পারে।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর ইসলাম জাহিদ, যুবদল নেতা হায়দার আলী, মল্লিক জাহিদুল ইসলাম, ফেরদৌস মাতুব্বর, মনির হোসেন, শফিকুল ইসলাম রাব্বি, সবুজ, সোহেল, মিলন, ইউনুস মুন্সী প্রমুখ।