বগুড়া নিউজ ২৪:ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বিএনপি গণমানুষের দল। দেশের সকল ভাল কাজে বিএনপি সবসময় অগ্রণী ভুমিকা রাখে। রংপুরসহ দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের খাওয়া দেশ থেকে শেষ হয়ে গেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে রংপুরের পীরগাছা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। মাদকমুক্ত তারুণ্য গড়তে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। খেলাধুলার সুযোগ বাড়লে তরুণ প্রজন্ম মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ এলাকায় জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ভুল হয়ে থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে যেন কেউ ভুল না করেন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণের স্বার্থে স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ফাইনাল খেলায় দিনাজপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে লালমনিরহাট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।