জয়পুরহাট প্রতিনিধি: জেলা প্রশাসনের উদ্যোগে আজ ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার জয়পুরহাট পৌরসভা ও ‘বিডি ক্লিন, জয়পুরহাট’-এর সহযোগিতায় শহরের জুবলি হল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
প্রধান অতিথি হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন জয়পরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক যাদব সরকার, জয়পুরহাট ৪০০-শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ও বাদল মিয়া, জেলা বিডি ক্লিন সমন্বয়ক রাকিবুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়িঘর ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অভিযান চলাকালে জয়পুরহাট শহরের বিভিন্ন ড্রেন, জলাশয় ও পকেট এলাকা থেকে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।