সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

দেশের প্রতিটি সংকটকালে জিয়া পরিবার মানুষের পাশে দাঁড়িয়েছে: কাদের গনি চৌধুরী

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি সংকটকালে জিয়া পরিবার মানুষের পাশে দাঁড়িয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে জিয়া পরিবার কখনো আপস করেনি।

তিনি বলেন, ৭ নভেম্বর শুধু স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নয়, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়ার দিন।

গত ১২ নভেম্বর বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত ‘আলোচনা ও কবিতাপাঠ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের অবদানের কথা উল্লেখ করে কাদের গনি বলেন, ১৯৭১ সালে রাজনৈতিক নেতৃত্বের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল। রাজনৈতিক নেতৃত্ব যখন এ কাজ করতে ব্যর্থ হয়, তখন একজন তরুণ মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রকে সেদিন স্বাধীন করেছিলেন। সেদিন থেকেই জিয়াউর রহমান গণমানুষের আপনজন হয়ে উঠেন। আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো স্বাধীনতা, সেটি অর্জনে শহীদ জিয়ার অবদান ইতিহাসে অমর হয়ে আছে।

তিনি বলেন, বেগম জিয়ার এক ছেলেকে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল ফখরুদ্দীন-মঈনুদ্দীন সরকার। আরেক ছেলেকে নির্যাতন করে মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে, তবুও তিনি আপস করেননি। তাকে দেশ ছাড়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। দেশের মানুষের সঙ্গে বেগম খালেদা জিয়ার সম্পর্ক ও অঙ্গীকারের কারণেই তিনি কঠিন পরিস্থিতিতেও আপস করেননি। আওয়ামী লীগ সরকারের সময়ও বেগম খালেদা জিয়া মাথা নত করেননি। দেশের বিভিন্ন সংকটে জিয়া পরিবারের ভূমিকার কারণে মানুষের মধ্যে তাদের প্রতি আস্থা তৈরি হয়েছে।

কাদের গনি চৌধুরী বলেন, দীর্ঘ সময়-এ দিবসটি পালন করতে দেয়নি আওয়ামী লীগ সরকার। এখন আমাদের হাতে সেই সুযোগটি এসেছে। জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমে বিশ্বাসী সবাইকে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

বর্তমান সরকারের প্রসঙ্গ উল্লেখ করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার একটি স্বাভাবিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছে। এ উদ্যোগকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের চলমান নৈরাজ্য ও সহিংসতা বন্ধ করতে হবে। অতীতের দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

কবি জাহাঙ্গীর ফিরোজ বলেন, ৭ নভেম্বরের চেতনায় সমৃদ্ধ আজকের এই বাংলাদেশ। শহীদ জিয়ার বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদীকে সহ্য করা হবে না।

কবি শাহীন রেজা বলেন, জননেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সন্ত্রাস, নৈরাজ্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

ড.শহিদ আজাদ বলেন, যে কোনো আন্দোলন সংগ্রামে কবিরা চিরকাল অগ্রণী ভুমিকা পালন করে এসেছে। তারেক রহমানের দেশগড়ার আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা পালন করবে।

রফিকুল ইসলাম বলেন, আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও অর্থবহ করতে হবে।

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক জামাল উদ্দিন জামাল। সূচনা বক্তব্য দেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শহিদ আজাদ। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট কবি জাহাঙ্গীর ফিরোজ।

অনুষ্ঠানে কবি সৈয়দ রনো এবং সৈয়দ জাহিদ মাহমুদের সঞ্চালনায় আলোচনা ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিশিষ্ট প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, কবি ফেরদৌস সালাম, কবি সাজেদা আলী হেলেন, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি কামরুজ্জামান, কলামিষ্ট সালেক উদ্দীন, কবি শাহিন রিজভী, কবি ও শিক্ষাবিদ কবি ড. মিতা আলী, কবি আবীর বাঙ্গালী, মোসলেহ উদ্দিন, সৈয়দ জাহিদ মাহমুদ, জাবেদ পাটোয়ারী, জেসমিন দীপা, নুরুল আবছার, রি হোসাইন, নাহিন শিল্পী, ড.এটিএম আসলাম, গোলাম মাওলা শিকদার, মাহমুদুন্নবী জ্যোতি, কাজী রহিম শাহরিয়ার,সঞ্চয় কবীর, দিপাস আনোয়ার, সরকার হুমায়ুন, কবি ও আবৃত্তিশিল্পী শোভা চৌধুরী, নোমান রহমান, গোলাম সাকলাইন, মুজিবুর রহমান বকুল, মাহমুদুল হাসান বিশ্বাস, সাইফুল হক, জুবাইদা আলম, মুক্তি আল মাহমুদ খান, আশরাফুল আলম, এম গিয়াস খান, ফরহাদ হোসেন, কাজী সাব্বীর, এস এম শাহনূর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর