শিরোনাম :
স্বর্ণদ্বীপে সামরিক সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফেরাতে চায় সরকার: তথ্য উপদেষ্টা ইয়েমেনে বাস ও ট্রাকে হামলায় নিহত ২৬ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ যুদ্ধবিমান প্রবেশের দাবি সিউলের আবদুর রহমান সভাপতি ও রাহাত সাইফুল সাধারণ সম্পাদক নির্বাচিত সীমান্তে ঢুকলে শেখ হাসিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: বিজিবি টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম এনভিডিয়ার চিপ নিয়ে চীনের তৎপরতা, নতুন বিধিনিষেধ আনছে যুক্তরাষ্ট্র শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে ফিরলেন জেনসেন হুয়াং
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ যুদ্ধবিমান প্রবেশের দাবি সিউলের

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, রাশিয়ার কয়েকটি সামরিক বিমান দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছিল।

এর আগে উত্তর কোরিয়ার একটি বিমান ওই এলাকায় প্রবেশ করেছে বলে জরুরি সতর্কবার্তা দেওয়া হলেও পরে তা সংশোধন করে জানানো হয়, বিমানগুলো আসলে রাশিয়ার ছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

উত্তর কোরিয়ার কোনো সামরিক বিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করলে তা দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারত। উল্লেখ্য, দুই দেশ এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থার অবসান ঘটায়নি।

সাম্প্রতিক সময়ে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চল বা ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) একটি স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন।

এ ঘটনার পর মঙ্গলবার সকাল ৮টায় উত্তর গিয়ংসাং প্রদেশের উলেউংদো দ্বীপে জরুরি সতর্কবার্তা জারি করা হয়। এতে বলা হয়, ‘উত্তর কোরিয়ার সন্দেহভাজন একটি বিমান বিপৎসীমা অতিক্রম করে চলে গেছে।’

সতর্কবার্তায় আরও বলা হয়, ‘উলেউং কাউন্টির বিমান হামলার সতর্কতা সকাল ৭টা ৫৮ মিনিটে প্রত্যাহার করা হয়েছে। সবাইকে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’

এর প্রায় ৪০ মিনিট পর প্রাদেশিক কর্তৃপক্ষ আগের তথ্য সংশোধন করে জানায়, ‘ওগুলো উত্তর কোরিয়ার নয়, রাশিয়ার বিমান ছিল। আমরা নিশ্চিত করছি, বিমানগুলো রাশিয়ার।’

তবে কী কারণে ভুল তথ্যের ভিত্তিতে প্রথমে সতর্কবার্তা জারি করা হয়েছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি।

দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি প্রধান সংবাদমাধ্যমও প্রাথমিক সতর্কবার্তার ভিত্তিতে ব্রেকিং নিউজ প্রকাশ করে। পরে তারাও সংবাদ সংশোধন করে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পরে স্পষ্ট করে জানায়, রাশিয়ার বিমান দেশটির সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি। এ ঘটনায় উত্তর কোরিয়ার কোনো বিমানও জড়িত ছিল না।

সামরিক বাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ‘উত্তর কোরিয়ার সন্দেহভাজন কোনো উড়োজাহাজ দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে—গণমাধ্যমের এমন কিছু প্রতিবেদন সঠিক নয়।’

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার বিমানগুলো পূর্ব সাগরের ওপর দিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছিল। এ সাগর জাপান সাগর নামেও পরিচিত।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী যুদ্ধবিমান মোতায়েনসহ প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নেওয়ার সময় রুশ বিমানগুলো ওই এলাকা ছেড়ে চলে যায়।

পরে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সামরিক বিমানগুলো দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমার একেবারে কাছাকাছি চলে এসেছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই জরুরি বার্তা জারি করা হয়েছিল।

ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিকেলে রাশিয়ার প্রতিরক্ষা অ্যাটাশেকে তলব করার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র চুং বিনা সাংবাদিকদের বলেন, রাশিয়ার কাছে এ ঘটনার বিষয়ে ‘কড়া প্রতিবাদ’ জানানো হবে।

আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল কোনো দেশের সার্বভৌম আকাশসীমার অংশ নয়। এটি এমন একটি নির্দিষ্ট আকাশসীমা, যেখানে নিরাপত্তার স্বার্থে কোনো দেশের দিকে এগিয়ে আসা উড়োজাহাজের পরিচয় শনাক্ত ও গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।

সাধারণত কোনো দেশের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশের আগে সামরিক বিমানগুলোকে সংশ্লিষ্ট দেশকে জানানোর প্রত্যাশা করা হয়। তবে আন্তর্জাতিক আইনে এ ধরনের আগাম জানানোর বাধ্যবাধকতা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর