বগুড়া নিউজ ২৪: শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশন শুরুর পর আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ওসমান ফারুক ই-মেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে। অধিবেশনে স্পিকার জানান, ওসমান ফারুক গত ১৪ নভেম্বর পদত্যাগ করেন। বিধি অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির উপবিধি (৩) অনুযায়ী বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফায় বলা হয়েছে, সংসদ সদস্য স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে স্পিকারের কাছে পদত্যাগ করতে পারেন। স্পিকার পত্রটি পাওয়ার সময় থেকে সংশ্লিষ্ট আসন শূন্য হয়।
চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন ওসমান ফারুক। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি যুক্তরাষ্ট্রে থাকায় ভোট দিতে পারেননি। সে সময় বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন বলে জানা গেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক একজন সাবেক আমলা। বিশ্বব্যাংকেও তিনি উচ্চপদে কাজ করেছেন। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ৮৬ বছর বয়সী এই নেতা ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন।
এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের সময় শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।
গত জুলাই জাতীয় সংসদে গঠিত ১০ সদস্যের বহুদলীয় সংসদীয় ককাস ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’-এর সভাপতিও ছিলেন তিনি।