শিরোনাম :
নিজের খাবার নেই, তবু ভিক্ষা করে কুকুর-বিড়ালকে খাওয়ান বৃদ্ধা রোকেয়া আসিফ নজরুল: হরমুজ প্রণালী বন্ধ থাকায় শেখ হাসিনার দেশে ফেরা বিলম্বিত হচ্ছে ডিসেম্বর ঘিরে নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস, লগি-বৈঠার ছক ছুটির দিনে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস সরকারে নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া, বিজ্ঞপ্তি জারি রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে এলেও রাজনৈতিক পরিস্থিতি এখনো অনিশ্চিত কুয়েতে ইরানি ড্রোন হামলা, নিহত ২ ছয় মাসের জন্য ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার মিয়ামিতে জি-২০ সম্মেলনে পুতিন যোগ দেবেন কি না, জানেন না ট্রাম্প
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

রাশিয়ার সঙ্গে বাণিজ্য ৫০০ কোটি ডলারে নিতে চায় পাকিস্তান

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: রাশিয়া ও পাকিস্তান দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই করেছে। ২০৩০ সালের মধ্যে দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৫০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের (ইএইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার উদ্যোগও নিচ্ছে পাকিস্তান।

বুধবার (২৫ নভেম্বর) মস্কোয় দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক আন্তসরকার কমিশনের ১১তম বৈঠকে চুক্তিটি সই হয়। রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলেভ এবং পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী আওয়াইস লেঘারি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। আগামী সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাশিয়া সফরের আগে এ চুক্তি হলো।

বৈঠকে সিভিলেভ জানান, চলতি বছরের প্রথম নয় মাসে রাশিয়া ও পাকিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্য আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়ে ৩০ কোটি মার্কিন ডলারের বেশি হয়েছে। টানা দুই বছর বাণিজ্য কমার পর এবার প্রবৃদ্ধি দেখা গেছে। দুই দেশের মোট বাণিজ্যের প্রায় এক-তৃতীয়াংশই খাদ্যপণ্য।

এদিকে রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান ও কিরগিজস্তানকে নিয়ে গঠিত ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের (ইএইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ইসলামাবাদ। প্রস্তাবিত চুক্তির সম্ভাব্যতা যাচাইয়ে যৌথ সমীক্ষায় ইতিবাচক মূল্যায়ন পাওয়া গেছে বলে জানান সিভিলেভ।

পাকিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন, আগামী জানুয়ারিতে এফটিএ নিয়ে আলোচনা শুরুর আশা করছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তিটি চূড়ান্ত করার জন্য ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছেন।

গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে যেসব দেশের সঙ্গে আলোচনা চলছে, সেগুলোর মধ্যে পাকিস্তানের নাম উল্লেখ করেন। তিনি জানান, এ ধরনের বাণিজ্য চুক্তির আওতায় থাকা বাজারের পরিধি প্রায় ৪০০ কোটি মানুষের কাছে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বৈঠকে লেঘারি বিকল্প ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম বিজনেস রেকর্ডার গত সপ্তাহে রাষ্ট্রদূত তিরমিজির বরাতে জানায়, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের বড় একটি অংশের অর্থ পরিশোধ তৃতীয় দেশের মাধ্যমে সম্পন্ন হয়। এতে ব্যবসায়ীদের লেনদেনের খরচ বেড়ে যায়।

এ ছাড়া পাকিস্তানের স্থল ও সমুদ্রভিত্তিক তেল-গ্যাস সম্পদ উন্নয়ন, তেল শোধনাগার আধুনিকায়ন, কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণ এবং দেশটিতে রাশিয়ার ইনসুলিন উৎপাদনের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। পাকিস্তানের রুশ শস্য আমদানির সিদ্ধান্তকে স্বাগত জানান সিভিলেভ।

দুই দেশ রাশিয়ায় পণ্য পরিবহনের জন্য একটি পরীক্ষামূলক মালবাহী ট্রেন চালুর বিষয়েও একমত হয়েছে। এ সময় লেঘারি আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডরের (আইএনএসটিসি) সম্ভাবনার কথা তুলে ধরেন। ভারত, ইরান ও রাশিয়াকে সংযুক্ত করা নৌ ও রেলপথের এ নেটওয়ার্ক পণ্য পরিবহনের সময় কমাতে ভূমিকা রাখতে পারে।

আগামী ৩০ নভেম্বর থেকে তিন দিনের সরকারি সফরে রাশিয়া যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। পাকিস্তানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত তিরমিজি সোমবার স্পুটনিককে জানিয়েছেন, সফরে পরিবহন, জ্বালানি, বিজ্ঞান ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে প্রায় ১৬টি চুক্তি সই হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর